২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুর ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী ডিএসই সূচক

তিন ঘণ্টায় ৫৯৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার হাত বদল হয় ডিএসইতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2024, 01:07 PM

Updated : 26 Aug 2026, 09:57 AM

সপ্তাহের প্রথম কার্যদিবসে শুরুর পতন সামলে ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন চলছে দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে।

সূচকের ঘরে আগের দিনের ৫ হাজার ৪৯৭ পয়েন্ট নিয়ে রোববার ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম ৬ মিনিটেই প্রধান সূচক ডিএসইএক্সে যোগ হয় ২৫ পয়েন্ট।

বিক্রয় চাপ একটু বাড়লে ধীরে ধীরে সংশোধনে যায় বাজার। পরের ২২ মিনিট শেষে নিম্নমুখী লেনদেনে সূচক আগের দিনের চেয়ে চার পয়েন্ট নিচে চলে যায়।

এরপর শেয়ার কেনা বাড়লে ঘুরে দাঁড়াতে শুরু করে সূচক। ক্রমাগত সামনের দিকে উঠতে থাকে পুরো এক ঘণ্টা। বেলা ১১টা ৪৮ মিনিটে সূচ পৌঁছায় ৫ হাজার ৫৭২ পয়েন্টের ঘরে। এরপর ধীর গতিতে কিছুটা কমে বেলা ১২টা ৪৯ মিনিটে সূচক ৫ হাজার ৫৩৯ পয়েন্টে পৌঁছায়, যা আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট বেশি। 

বেড়েছে লেনদেনের পরিমাণও। বেলা ১০টায় শুরু পরবর্তী তিন ঘণ্টায় ৫৯৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার হাত বদল হয় ডিএসইতে।

লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ২৭৫টির দাম বেড়েছে, ৮১টির কমেছে এবং ৩৮টির দাম অপরিবর্তিত ছিল।