বছরের সর্বোচ্চ লেনদেন ঢাকার পুঁজিবাজারে
বাজারমূলধনও বাড়ছে। দিনশেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ২৭ হাজার ১০৩ কোটি টাকায়।
বছরের সর্বোচ্চ লেনদেন দেখল দেশের বড় পুঁজিবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
রোববার এ বাজারে এক হাজার ৪৪১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিন ছিল ১ হাজার ৩৩৮ কোটি টাকা।
চলতি বছর এর আগে সর্বোচ্চ শেয়ার হাতবদল হয় গেল ৩ সেপ্টেম্বর; ১ হাজার ৩৯৭ কোটি টাকার।
এদিকে আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে প্রধান সূচক ডিএসইক্স হয়েছে ৫ হাজার ৬৩৬। আগের দিন সূচক ছিল ৫ হাজার ৬১৪ পয়েন্ট।
এদিন সকালে উত্থান দিয়ে শুরু হওয়া সূচক প্রায় দিনভরই ছিল ঊর্ধ্বমুখী। বেলা দেড়টার দিকে দিনের সর্বোচ্চ অবস্থানে উঠে সূচক দাঁড়ায় ৫ হাজার ৬৫০ পয়েন্টে।
শেষ বেলাতে সামান্য সংশোধন হলে সুচক দাঁড়ায় ৫ হাজার ৬৩৬ পয়েন্টে।
এর আগে সবশেষ গত ৩ অগাস্ট সূচক সাড়ে ৫ হাজার পয়েন্ট অতিক্রম করেছিল। এরপর বাজার ওঠানামার মধ্যে লেনদেন করছে। ২৪ অগাস্টের পর থেকে এক দিন বাদে প্রতিদিনই লেনদেন ছিল হাজার কোটি টাকার ওপরে।
বাজারমূলধনও বাড়ছে। দিনশেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ২৭ হাজার ১০৩ কোটি টাকায়।
এদিন লেনদেনে আসা ৪০০টি কোম্পানির মধ্যে শেয়ার দর বাড়ে ২৪৮টির; কমে ১২৭ টির; আর আগের দরে লেনদেন করে ২৫টি কোম্পানি।
সবচেয়ে বেশি ১৫৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার হাতবদল হয় প্রকৌশল খাতে। দ্বিতীয় স্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয় ১৪৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার। আর তৃতীয় অবস্থানে থাকা বীমা খাতে শেয়ার হাতবদল হয় ১৪২ কোটি ৮৭ লাখ টাকার।
