ন্যাশনাল হাউজিংয়ের সব শেয়ার বেচে দিচ্ছে ইউসিবি
এবারও রেকর্ড ডেটের পরে শেয়ার বিক্রি করায় আনুপাতিক হারে নগদ লভ্যাংশ পাবে ইউসিবি।
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি থেকে বিনিয়োগের পুরোটা তুলে নেওয়ার পর লভ্যাংশ হিসেবে পাওয়া শেয়ারও বিক্রি করার ঘোষণা দিয়েছে করপোরেট উদ্যোক্তা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইউসিবির হাতে থাকা ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৫ লাখ ৬৩ হাজার ৫৬২টি শেয়ারের সবই বাজারদরে বিক্রি করা হবে। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এসব শেয়ার বিক্রি করবে ব্যাংকটি।
এর আগে ২০২৫ সালের ২৪ জুলাই শেয়ার বিক্রির ঘোষণা দিয়ে এক মাসের মধ্যে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সে থাকা ইউসিবির ৫৬ লাখ ৩৫ হাজার ৬২৪টি শেয়ারের সবই বাজারদরে বিক্রি করা হয়।
কিন্তু ২০২৪ সালের জন্য ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ঘোষিত লভ্যাংশের আওতায় ইউসিবির হাতে নতুন করে শেয়ার আসে।
প্রথমে ২০২৪ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছিল ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স। তবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর ২০২৫ সালের সেপ্টেম্বরে ওই লভ্যাংশ পরিবর্তন করে ১০ শতাংশ স্টক বা বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত জানায় কোম্পানিটি। অর্থাৎ প্রতি ১০টি শেয়ারের বিপরীতে একটি করে বোনাস শেয়ার পাওয়ার কথা ছিল শেয়ারহোল্ডারদের।
ইউসিবি ওই লভ্যাংশের রেকর্ড ডেটের পরও ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারধারক থাকায় বোনাস শেয়ার পাওয়ার যোগ্য হয়। এবার সেই বোনাস শেয়ারও বিক্রি করে দিচ্ছে ব্যাংকটি।
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের কোম্পানি সচিব সরওয়ার কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রেকর্ড ডেটের পরে শেয়ার বিক্রি করায় ইউসিবি ২০২৪ সালের লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার পায়। সেই বোনাস শেয়ার বিক্রি করে দিচ্ছে এখন।”
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
২০২৫ সালের জন্য ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। ২০২৬ সালের ২৪ জুনের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৫ সেপ্টেম্বর হওয়ার কথা এবং এ লভ্যাংশের রেকর্ড ডেট ছিল ২৩ জুলাই।
এবারও রেকর্ড ডেটের পরে শেয়ার বিক্রি করায় আনুপাতিক হারে নগদ লভ্যাংশ পাবে ইউসিবি।
আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীরা অনুমোদন করলে নগদ লভ্যাংশ বিতরণ করতে পারবে ন্যাশনাল হাউজিং।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়েছে।
কোম্পানিটির শেয়ারহোল্ডিং কাঠামোয় উদ্যোক্তা ও পরিচালকদের অংশ ৪৫ দশমিক ৫৭ শতাংশ, সরকারের ৯ দশমিক ৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ১৫ দশমিক ০৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের অংশ ৩০ দশমিক ০২ শতাংশ।
