১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে ফ্লোর প্রাইস উঠল বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের

এর মাধ্যমে কোভিড মহামারীর সময় ২০২০ সালের মার্চে প্রথম চালু হওয়া ফ্লোর প্রাইস থেকে পুরোপুরি মুক্ত হল দেশের দুই শেয়ারবাজার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2026, 07:53 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

চার বছর পর ফ্লোর প্রাইসের বাধা থেকে মুক্ত হল বেক্সিমকো লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

এতে মঙ্গলবার থেকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এ দুটি কোম্পানির শেয়ার সাধারণ সার্কিট ব্রেকারের আওতায় লেনদেন হবে। আগের মত ফ্লোর প্রাইসে (কোম্পানির শেয়ারের বেঁধে দেওয়া সর্বনিম্ন লেনদেন দর) আটকে থাকবে না এ দুই শেয়ারের দর।

এর মাধ্যমে কোভিড মহামারীর সময় ২০২০ সালের মার্চে চালু হওয়া ফ্লোর প্রাইস থেকে মুক্ত হল দেশের দুই শেয়ারবাজার। পরে তা তুলে দেওয়া হলেও ২০২২ সালের জুলাইতে রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের পর আবার ফ্লোর প্রাইস দেওয়া হয়।

মাসুদ খানের নেতৃত্বে দায়িত্ব নেওয়া নতুন বিএসইসি (বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) সোমবার কমিশন সভা করে শেষ দুই কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নেওয়ার সিদ্ধান্ত দেয়। 

বিএসইসির মুখপাত্র আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার থেকে সাধারণ সার্কিট ব্রেকারের নিয়ম মেনে লেনদেন করবে এ দুটি শেয়ার। সব সংস্থাকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে।

কোভিড মহামারীর পর রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ শুরু হলে দর পতন ঠেকাতে দ্বিতীয়বারের মত ২০২২ সালের জুলাইতে ফ্লোর প্রাইস আরোপ করে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন।

কয়েক ধাপে সবগুলো কোম্পানির শেয়ারের ওপর থেকে ফ্লোর প্রাইস ২০২৪ সালের অগাস্টে তুলে নেওয়া হলেও বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের ওপর থেকে তোলা হয়নি।

সোমবার বেক্সিমকোর শেয়ার ১১০ টাকা ১০ পয়সা ও ইসলামী ব্যাংকের শেয়ার ৩২ টাকা ৬০ পয়সা দরে হাতবদল হয়। এ দরই কোম্পানি দুটির ফ্লোর প্রাইস।