নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত সময় দিল বিএসইসি
আইপিও আবেদন পর্যালোচনার প্রক্রিয়া সহজ করতে ‘সিঙ্গেল উইন্ডো রিভিউ’ পদ্ধতি চালুর সিদ্ধান্তও নিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাটি।
পুঁজিবাজারে তালিকাভুক্ত স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের ‘নেগেটিভ ইক্যুইটি’ ও ‘আনরিয়েলাইজড লস’ সমন্বয়ের সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা— বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
তবে এ সুবিধা পেতে ২০২৭ সাল থেকে প্রতিবছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। এ সময় তারা কোনো নগদ লভ্যাংশ ঘোষণা বা বিতরণ করতে পারবে না।
এদিকে স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে সব বন্ডের লেনদেনের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে কমিশনের ১০৩৮তম সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সভার পর বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নেগেটিভ ইক্যুইটির ভিত্তিতে ২০২৭ সাল থেকে প্রতিবছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। এভাবে ২০৩০ সালের মধ্যে সম্পূর্ণ নেগেটিভ ইক্যুইটি সমন্বয় করতে হবে।
তবে ২০২৬ সালে নতুন করে কোনো নেগেটিভ ইক্যুইটি সৃষ্টি হলে তা একই বছর সমন্বয় করতে হবে। আগে যেসব প্রতিষ্ঠানের সময়সীমা বাড়ানো হয়েছে, তাদের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত বহাল থাকবে।
নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও হিসাবের বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কয়েকটি শর্তও দিয়েছে বিএসইসি। এসব হিসাবের বিদ্যমান শেয়ার বিক্রির অর্থ দিয়ে নতুন করে ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনা যাবে। তবে নতুন করে মার্জিন ঋণ দেওয়া যাবে না এবং ব্লক মার্কেটে লেনদেন করা যাবে না। সমন্বয়কালীন সময়ে এসব হিসাবে মার্জিন ঋণের সুদ কিংবা পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি আরোপ করা যাবে না। এসব হিসাবের বিপরীতে সৃষ্ট কোনো দাবি বা দায়ের জন্য বিনিয়োগকারীদেরও দায়ী করা যাবে না।
সিঙ্গেল উইন্ডো পদ্ধতিতে হবে আইপিও আবেদন পর্যালোচনা
কমিশনের সভায় প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন পর্যালোচনা প্রক্রিয়া সহজ ও সময়সাশ্রয়ী করতে সিঙ্গেল উইন্ডো রিভিউ পদ্ধতি চালুর সিদ্ধান্ত হয়েছে।
নতুন এ পদ্ধতিতে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আইপিও আবেদন পর্যালোচনা করা হবে। এ সময় কমিশনের কোনো পর্যবেক্ষণ থাকলে তা স্টক এক্সচেঞ্জকে জানানো হবে। পরে স্টক এক্সচেঞ্জ নিজেদের পর্যবেক্ষণের সঙ্গে কমিশনের পর্যবেক্ষণ পর্যালোচনা করে সুপারিশ জমা দেবে।
এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইপিও আবেদন পর্যালোচনা প্রক্রিয়াকে আরও কার্যকর, সমন্বিত ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে এ পদ্ধতি চালু করা হচ্ছে। এর আওতায় স্টক এক্সচেঞ্জ কোনো কোম্পানির আইপিও আবেদন পর্যালোচনার সময় কমিশনের পর্যবেক্ষণ গ্রহণ করতে পারবে।
কমিশনের কোনো পর্যবেক্ষণ থাকলে তা সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জকে জানানো হবে। স্টক এক্সচেঞ্জ নিজেদের পর্যবেক্ষণের পাশাপাশি কমিশনের পর্যবেক্ষণও পর্যালোচনা করবে। এরপর আইপিও আবেদনের বিষয়ে কমিশনের কাছে সুপারিশ দাখিল করবে।
এটিবির বন্ড মূল বোর্ডে তালিকাভুক্তির নির্দেশ
এছাড়া কমিশেন সভায় অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত না হওয়া বন্ডগুলোকে মূল বোর্ডে তালিকাভুক্তির উদ্যোগ নিয়েছে বিএসইসি। এ লক্ষ্যে যেসব বন্ডের ক্ষেত্রে কমিশনের সম্মতিপত্রে (কনসেন্ট লেটার) এটিবিতে তালিকাভুক্তির শর্ত রয়েছে, সেসব বন্ডের ইস্যুয়ার কোম্পানিকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্তির জন্য আবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে বর্তমানে এটিবিতে তালিকাভুক্ত বন্ডগুলোও আগামী ৩০ নভেম্বরের মধ্যে মূল বোর্ডে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্টক এক্সচেঞ্জগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব বন্ডের সম্মতিপত্রে এটিবিতে তালিকাভুক্তির শর্ত থাকলেও এখনো হয়নি, সেসব বন্ডের ইস্যুয়ার কোম্পানিকে নির্ধারিত সময়ের মধ্যে মূল বোর্ডে তালিকাভুক্তির আবেদন করতে হবে।
অন্যদিকে, বর্তমানে এটিবিতে তালিকাভুক্ত বন্ডগুলো মূল বোর্ডে স্থানান্তর বা তালিকাভুক্তির বিষয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জগুলো। এ ক্ষেত্রে বিদ্যমান লিস্টিং রেগুলেশনস ও প্রয়োজনীয় তালিকাভুক্তির শর্ত অনুসরণ করে আবেদনগুলো বিবেচনা এবং স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এদিকে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো তালিকাভুক্ত কোম্পানির পরিচালক সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হলেও ওই ব্যাংকে কোম্পানিটির ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনা করতে বাধা থাকবে না।
বর্তমানে কমিশনের নির্দেশনা অনুযায়ী, ইস্যুয়ার কোম্পানির কোনো পরিচালক যে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, সেই ব্যাংকে সংশ্লিষ্ট কোম্পানির ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনায় বিধিনিষেধ রয়েছে।
সভায় এ শর্ত শিথিল করে সংশ্লিষ্ট ব্যাংকে ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
