২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূচকের পতন, লেনদেন কমে ৩০০ কোটি টাকার নিচে

শেষ দুই কর্মদিবসে সূচক কমেছে ৫৬ পয়েন্ট।

সূচকের পতন, লেনদেন কমে ৩০০ কোটি টাকার নিচে
ঢাকার মতিঝিলের একটি ব্রোকারেজ হাউজে চিন্তাগ্রস্ত এক বিনিয়োগকারী। ছবি: আব্দুল্লাহ আল মমীন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2024, 05:05 PM

Updated : 26 Aug 2026, 11:04 AM

টানা দ্বিতীয় দিনের মত সূচক হারাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই); কমেছে লেনদেনের পরিমাণও।

আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫ হাজার ১৮৫ পয়েন্ট। লেনদেনের পরিমাণ কমে দাঁড়িয়েছে ২৯৩ কোটি ৩৮ লাখ টাকা।

অধিকাংশ কোম্পানির শেয়ার দর পড়ে যাওয়ায় দিনের প্রথম ভাগে বিনিয়েগাকারীরা লেনদেন কমিয়ে দেয়া শুরু করেন। শেষ ভাগে কিছুটা বাড়ালেও পতন ঠেকেনি সূচকের। 

প্রায় দুই মাস আগে তারল্য সংকট তীব্র হলে ডিএসইতে লেনদেন কমে যায় হয়। গত ১৬ অক্টোবর ডিএসইতে শেয়ার হাতবদল হয়েছিল ২৯৬ কোটি ৩৪ লাখ টাকার।

গত বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যসসূচক কমেছিল। এ নিয়ে দুই দিনে সূচক কমলো ৫৬ পয়েন্ট। 

গত বৃহস্পতিবারের আগের তিন দিনে ডিএসই সূচকে যোগ হয়ে ৫৩ পয়েন্ট। বেড়েছিল বাজার মূলধন ও লেনদেনের পরিমাণও।

ব্যাংক, বীমা, বস্ত্র, ওষুধ ও রসায়ন, মিউচুয়াল ফান্ডসহ প্রকৌশল খাতের সিংহভাগ কোম্পানির শেয়ার দর কমে যাওয়ায় মূলত পুঁজিবাজারের সূচকের পতন ঘটে। 

আগের দিন অধিকাংশ কোম্পানির দরপতনকে ‘মনস্তাত্বিক’ চাপ হিসেবে মন্তব্য করেছিলেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম।

রোববার ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার কেনাবাচা হয়। এর মধ্যে দর বাড়ে ৮৭টির; কমে ২৪৮টির এবং অপরিবর্তিত থাকে ৬০টি কোম্পানির শেয়ার।

লেনদেন তথ্য অনুযায়ী, লেনদেন ৫০ কোটি টাকার নিচে নেমে গেলেও ওষুধ ও রসায়ন খাত ছিল শীর্ষে। রোববার এ খাতে ৪১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

এরপরই ব্যাংক ও বস্ত্র খাতের অবদান দেখা যায় ডিএসইতে। দিন শেষে ক্লোজিং প্রাইস বিবেচনায় শীর্ষ দর বৃদ্ধি কোম্পানির তালিকায় উঠে এসেছে সোনারগা টেক্সটাইল। তাদের পরে রয়েছে এইচ আর টেক্সটাইল, মুন্নু ফেব্রিক্স, গোল্ডেন সন ও দেশ গার্মেন্টস। 

অন্যাদিকে ক্লোজিং প্রাইস বিবেচনায় শেয়ার দর হারানোয় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। তাদের পরে রয়েছে দুলা মিয়া কটন, অ্যাটালাস বাংলাদেশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও মিথিুন নিটিং অ্যান্ড ডাইং কোম্পানি।