Published : 20 Sep 2026, 08:12 PM
সামাজিক মাধ্যমে চাউর হওয়ার একটি ভিডিও ক্লিপ নিয়ে চারদিকে চলছে নানামুখী আলোচনা। ম্যাচ পাতানোর সন্দেহের তীর ধেঁয়ে যাচ্ছে চট্টগ্রাম সিটি গোলকিপার শান্ত কুমার রায়ের দিকে। তবে, ক্লাবের পক্ষে থেকে পরিষ্কার করা হয়েছে, এমন কিছু ঘটেনি।
ঘটনা শুক্রবার ফর্টিস এফসি ও ফুটবল লিগের নতুন দল চট্টগ্রাম সিটি এফসির ম্যাচের। ফর্টিসের জাপানি ফরোয়ার্ড নোরিকি আকাদার শট জালে জড়ায়। এ সময় শান্ত বল আটকাতে ঝাঁপিয়ে পড়লেও শেষ মুহূর্তে হাত গুটিয়ে নেন। এই অংশের ভিডিও সামাজিক মাধ্যমে চাউর হলে শুরু হয় আলোচনা, সমালোচনা। পাতানো ম্যাচের সন্দেহ করতে থাকেন অনেকে।
চট্টগ্রাম সিটি ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিসকে বললেন, তার গোলকিপারের বিরুদ্ধে অকারণেই অভিযোগ করা হচ্ছে।
“জাপানের ওই ফরোয়ার্ড শট নেওয়ার আগেই বক্সে ফাউল হওয়ার কারণে রেফারি বাঁশি বাজিয়েছিলেন। ফাউলের বাঁশি শুনে বক্সে আমাদের খেলোয়াড়েরাও দাঁড়িয়ে পড়েছিল। শান্তও চেষ্টা করেনি বল আটকানোর। কিন্তু ভিডিও ক্লিপের একটা অংশ দেখে মানুষ ছেলেটাকে কত কথা শোনাচ্ছে।”
সামাজিক মাধ্যমে এখনও অনেকেই শান্তকে দোষী ধরে নিচ্ছে। এ নিয়ে ক্ষোভ ঝারলেন নাজিম উদ্দিন।
“লোকজন ফোন করে ওকে নানা কথা বলছে। আত্মীয়-স্বজনরাও প্রশ্ন করছে। কোনো দোষ না করেও চারদিকের এত চাপে ছেলেটা মানসিকভাবে ভেঙে পড়েছে। কিছুদিন আগে ওর মা মারা গেছে, ও এই ম্যাচটা খেলতেও চায়নি। আমরাই ওকে বুঝিয়ে-সুঝিয়ে খেলিয়েছিল। এখন, সবাই অভিযোগ, সন্দেহ করে ওর মনোবল ভেঙে দিচ্ছে।”
ম্যাচটি ফর্টিসের বিপক্ষে ৬-০ গোলে হারে চট্টগ্রাম সিটি এফসি।