১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

দারুণ জয়ে আশা বাঁচিয়ে রাখল রহমতগঞ্জ

শুরুতে এগিয়ে যাওয়ার রেশ টেনে নিয়ে যেতে পারেনি বাংলাদেশ বিমানবাহিনী।

দারুণ জয়ে আশা বাঁচিয়ে রাখল রহমতগঞ্জ

 রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2023, 05:55 PM

Updated : 03 Nov 2023, 05:55 PM

পিছিয়ে পড়ার ধাক্কা দারুণভাবে সামলে নিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। বাংলাদেশ বিমানবাহিনীকে হারিয়ে স্বাধীনতা কাপের সেরা আটে খেলার আশা বাঁচিয়ে রাখল তারা।

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট (লে.) মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার ৪-১ গোলে জিতেছে রহমতগঞ্জ। তিন ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট তাদের।

৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা শেখ রাসেল ক্রীড়া চক্র গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে আবাহনী লিমিটেডের। এই ম্যাচের ফলের ওপর নির্ভর করবে শেখ রাসেল ও রহমতগঞ্জের সেরা আটে খেলার ভাগ্য। অবশ্য সুবিধাজনক স্থানে আছে শেখ রাসেল; ড্রই যথেষ্ট ২০১৩ সালের চ্যাম্পিয়নদের জন্য।

এই গ্রুপ থেকে আগেই কোয়ার্টার-ফাইনাল খেলা নিশ্চিত করেছে প্রতিযোগিতার ২০২১ সালের চ্যাম্পিয়ন আবাহনী।

মুন্সিগঞ্জে বিমানবাহিনীর শুরুটা অবশ্য হয়েছিল আশা জাগানিয়া। ৩২তম মিনিটে মাঝমাঠের একটু উপর থেকে সতীর্থের বাড়ানো ক্রস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন জুয়েল মিয়া।

পরের মিনিটেই নিখুঁত শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করে রহমতগঞ্জকে সমতায় ফেরান মোহাম্মদ মুরাদ। ৪৫তম মিনিটে বাঁ দিক থেকে সতীর্থের আড়াআড়ি পাস পেয়ে বল জালে জড়িয়ে পুরান ঢাকার দলটিকে এগিয়ে নেন সামিন ইয়াসির। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ান এই ফরোয়ার্ড।

৬৬তম মিনিটে আব্দুস সাত্তার দ্বিতীয় হলুদ কার্ড পেলে শক্তি কমে বিমানবাহিনীর। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মোহাম্মদ রফিকুল লক্ষ্যভেদ করলে জয় নিশ্চিত হয়ে যায় রহমতগঞ্জের।

তিন ম্যাচের সবগুলো হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বিমানবাহিনী।