লিগ কাপ জিতে ইউনাইটেডকে ‘যথার্থ স্থানে’ নিতে চান আন্তোনি
লিগ কাপ জিতে ম্যানচেস্টার ইউনাইটেডের দীর্ঘ খরা কাটাতে উন্মুখ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
পাঁচ বছরের বেশি সময় ধরে শিরোপাহীন ম্যানচেস্টার ইউনাইটেড এবার লিগ কাপ জয় থেকে আছে কেবল এক ধাপ দূরে। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ফাইনালে সেই খরা কাটানোর দিকে চোখ আন্তোনির। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড মনে করছেন, কেবল শিরোপাই ম্যানচেস্টারের দলটিকে নিয়ে যেতে পারে যথার্থ অবস্থানে।
ওয়েম্বলির ফাইনালে আগামী রোববার নিউক্যাসলের বিপক্ষে খেলবে এরিক টেন হাগের দল।
সবশেষ ২০১৭ সালে কোনো শিরোপা জিতেছেল ইউনাইটেড। ঘরে তুলেছিল ইউরোপা লিগ ও লিগ কাপ। শিরোপার জন্য নিউক্যাসলের অপেক্ষা অনেক দীর্ঘ- ৭৮ বছরের! সবশেষ কোনো ট্রফি পেয়েছিল সেই ১৯৫৫ সালে।
ফাইনালের লড়াইয়ে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে তিনে থাকা ইউনাইটেডকেই এগিয়ে রাখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে থাকা দলটি নিজেদের সবশেষ ম্যাচে হারিয়েছে বার্সেলোনাকে, ইউরোপা লিগের নকআউট রাউন্ডে প্লে-অফের দ্বিতীয় লেগে।
জয়ের ধারা বজায় রেখে ক্লাবের লম্বা অপেক্ষার অবসান ঘটাতে উন্মুখ আন্তোনি। ম্যাচের আগে ক্লাবের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে এই ব্রাজিলিয়ান বলেন, ইউনাইটেডের হয়ে শিরোপা জিতে স্বপ্ন পূরণ করতে চান তিনি।
“আমি যখন এখানে এসেছিলাম, তখন আমি বলেছিলাম যে ম্যানচেস্টার ইউনাইটেড একটি বিশাল ক্লাব এবং আমরা এই ক্লাবটিকে যেখানে থাকার কথা সেখানে ফিরিয়ে নিয়ে যাব… তা হলো শিরোপার জন্য লড়াই করা এবং জেতা।”
“আমরা জানি যে এটি কঠিন একটা কাজ হবে, তবে ক্লাব হিসেবে আমরা কতটা বড় এবং আমরা কতটা ভালো সে সম্পর্কে আমাদের ধারণা আছে। আমার প্রথম মৌসুমে আমরা যদি ট্রফি জিততে পারি, তাহলে একটা স্বপ্ন সত্যি হবে। আমি আশা করি আমি এই ধারা বজায় রাখতে পারব যাতে আরও সাফল্য অর্জন করতে পারি।”
