'ডাচ ফুটবলই খেলেছে নেদারল্যান্ডস'
ব্রাজিলের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জয়ের পরও লুইস ফন গালের খেলার ধরণ নিয়ে কথা উঠেছে। নেদারল্যান্ডসকে তিনি রক্ষণাত্মক পদ্ধতিতে খেলিয়েছেন বলে অভিযোগ অনেকের। তবে বিদায়ী কোচের দাবি, চিরাচরিত 'ডাচ' পদ্ধতিতেই বরং কিছু যোগ করেছেন তিনি।
শনিবার ব্রাজিলিয়ার স্তাদিও নাসিওনালে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়েছে নেদারল্যান্ডস। ম্যাচ শেষে বিদায়ী কোচ ফন গাল তার দলের খেলার ধরণ ব্যাখ্যা করেন।
'আমরা এমন এক ধরণের ফুটবল দেখাতে পেরেছি, যা নেদারল্যান্ডসে নতুন। খেলোয়াড়রাও এতে খুব ভালো সহায়তা করেছে।"
ফন গাল বলেন, তার হাতে যে সম্পদ ছিল তা নিয়ে ডাচ ঘরানার ফুটবল উপহার দেয়ারই চেষ্টা করেন তিনি।
"একজন কোচকে তার দলের মানের ওপর ভিত্তি করে কাজ করতে হয় এবং আমরা বিশ্ব চ্যাম্পিয়ন না হলেও এটা কাজে লেগেছে। কিন্তু আমরা খুব কাছে চলে গিয়েছিলাম।"
ডাচদের বিশ্বকাপে প্রথম শিরোপা জয়ের আশার সমাধি হয়েছে সেমি-ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে। ওই ম্যাচে ফন গালের দল একটু রক্ষণাত্মক ফুটবলই খেলে।
বিশ্বকাপ অভিযান শেষ করে ফন গাল দায়িত্ব নিতে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। আর ডাচ দলে তার জায়গা নেবেন গাস হিডিঙ্ক।
ফন গাল বলেন, "আমি শুনেছি, দলের পরবর্তী কোচ ডাচ পদ্ধতিতে দলকে খেলাবেন। আমিও ডাচ পদ্ধতিতেই খেলিয়েছি এবং এর সঙ্গে আমি আরো কিছু দিয়েছি। আমার মনে হয়, এ বিষয়টি নেদারল্যান্ডসে সবার চোখ খুলে দেবে এবং তারা বুঝতে পারবে পদ্ধতি শুধু একটাই নয়।"
