'প্রতিশোধের ম্যাচে' মুখোমুখি জার্মানি-আলজেরিয়া
তুমুল উল্লসিত হওয়ার কথা ছিল জার্মানির। ফুটবল-গোলকে পিছিয়ে থাকা মহাদেশ আফ্রিকার একটি দল তাদের প্রতিপক্ষ, যাদের আবার এই দ্বিতীয় রাউন্ডেই পৌঁছানোই ইতিহাস-সর্বোচ্চ সাফল্য। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের উচ্ছ্বসিত না হওয়ার কোনো কারণ ছিল না। কিন্তু এর বদলে অস্বস্তির চোরাকাঁটা জার্মানির মনোজগতে। প্রতিপক্ষের নাম যে আলজেরিয়া!
পোর্তো আলেগ্রের বেইরা রিও স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের দ্বৈরথে সোমবার বাংলাদেশ সময় রাত দুইটায় মুখোমুখি হবে জার্মানি-আলজেরিয়া। কিন্তু খেলার আবহে ঘুরে ফিরে আসছে ৩২ বছর আগের সেই বিশ্বকাপ। সেজন্যই জার্মান-ক্যাম্পে অস্বস্তির খনখচানি আর আলজেরিয়ার মনে প্রতিশোধস্পৃহা। পূর্বসুরিদের প্রতি অবিচারের বদলা নেওয়া জন্য সুফিয়ান ফেঘুইলি-ইসলাম স্লিমানিরা ফুটছেন যে টগবগিয়ে!
সেই জার্মানদের ৩২ বছর পর সামনে পেয়েছে আলজেরিয়া। না হয় শক্তিকে তারা শত মাইল পেছনে, কিন্তু ছেড়ে কী আর কথা বলবে! ইতিহাসের দায়শোধে পূর্বসুরিদের দায় চোকানোর ব্যাপার আছে যে!
হালকাভাবে না নেওয়ার আরেকটি কারণও আছে জার্মানির। হয়তো বিস্ময়কর শোনাবে, কিন্তু এর আগে যে দুবার মুখোমুখি হয়েছিল দল দুটি, দুবারই জয় আলজেরিয়ার!
আফ্রিকান প্রতিপক্ষদের বিপক্ষে ফুটবলীয় পরাশক্তির অস্বস্তিতে না থেকে উপায় আছে!
