রোনালদোর হতাশা
পর্তুগালের বিশ্বকাপ ভাগ্য অনেক হিসাবে ঝুলে আছে বলেই হয়ত মন ভালো নেই তার। হতাশা থেকেই হয়তো ক্রিস্তিয়ানো রোনালদো বললেন, বিশ্বকাপ খেলতে নাও তো আসতে পারতেন তিনি।
বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচ খেলতে ঘানার বিপক্ষে একটি প্রার্থনা নিয়েই নামবে পর্তুগাল। ঘানার বিপক্ষে বড় ব্যবধানে জিতলেই শুধু হবে না তাদের, জার্মানির কাছে হারতে হবে যুক্তরাষ্ট্রকে। একমাত্র তাহলেই দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে রোনালদোর দল।
এই হিসাব করতে গিয়েই হয়ত মনটা খানিক উচাটন হয়েছে রিয়াল মাদ্রিদের তারকার।
"আমার জন্য সহজ ব্যাপার হতো, বিশ্বকাপ আমি নাও খেলতে আসতে পারতাম। মৌসুমটা ইউরোপের (চ্যাম্পিয়ন্স লিগ) চ্যাম্পিয়ন থেকেই শেষ হতো।"
এসেই যখন পড়েছেন, তখন তো সবকিছু মোকাবেলা করতেই হবে। প্রথম দুই ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি রোনালদো। আর এখন হিসাব তাকে ভাবাচ্ছে। তবে সবকিছু পেছনে ফেলে নিজেকে তুলে ধরতে চান পর্তুগালের ফরোয়ার্ড।
"আমি কখনোই ভাবিনি, আমরা বিশ্বকাপ জিতব। পর্তুগাল কখনোই ফেভারিট ছিল না।"
সবাইকে একটু পেছনে তাকিয়ে বিশ্বকাপের বাছাইপর্বের অবস্থাটা দেখে নিতে বললেন রোনালদো। সুইডেনের সঙ্গে প্লে-অফ খেলেই ব্রাজিল বিশ্বকাপের টিকেট পেতে হয়েছে তদের।
প্লে-অফের দ্বিতীয় লেগে রোনালদোর অসাধারণ এক হ্যাটট্রিকে জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেনকে হারিয়েছিল পর্তুগাল। বাছাইপর্বের দিকে তাকিয়ে পর্তুগালের সমর্থকরা সেটিও কিন্তু দেখবেন। আর রোনালদোকে ঘিরেই আরেকটা আশার বসতি গড়বেন। রোনালদো কী পারবেন এবার?
