২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে বসনিয়ার প্রথম জয়

প্রথম দুই ম্যাচ হেরে নকআউট পর্বে ওঠার লক্ষ্য পূরণ না হলেও ইরানকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরটাকে স্মরণীয় করে রাখলো বসনিয়া ও হাজেগোভিনা। ‘এফ’ গ্রুপের শেষ রাউন্ডে ইরানকে ৩-১ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 12:07 AM

Updated : 13 Oct 2022, 12:17 PM

অন্য ম্যাচে আর্জেন্টিনার কাছে নাইজেরিয়া ৩-২ গোলে হারলেও গ্রুপ রানার্সআপ হয়ে সেরা ষোলোতে উঠেছে আফ্রিকার চ্যাম্পিয়নরা।

নকআউট পর্বে ওঠার ক্ষীণ সম্ভাবনা উজ্জ্বল করতে ইরানের সামনে জয়ের বিকল্প ছিল না। মঙ্গলবার দলটির মিডফিল্ডার আশকান দেজাঘাও রক্ষণাত্মক মনোভাব থেকে বেরিয়ে আসার কথা বলেন।

কিন্তু বুধবার সালভাদরের আরেনা ফন্তে নোভায় সেই পুরনো রূপেই ছিল ইরান। ম্যাচের শুরু থেকে নিজেদের রক্ষণ সামলাতেই মনোযোগী ছিল এশিয়ার দেশটি।

অন্যদিকে, বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরের শেষটা জয়ের আনন্দে করতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বসনিয়া। চতুর্থ মিনিটে ভালো একটা সুযোগও পায় ইউরোপের দলটি কিন্তু স্ট্রাইকার এদিন জেকোর শটটি কোনোমতে ঠেকিয়ে দেন ইরানের গোলরক্ষক আলিরেজা হাজিজি।    

তবে ২৩তম মিনিটে জেকোকে আর রুখতে পারেননি হাজিজি। বল পায়ে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে কিছুটা কোনাকুনি দৌড়ে ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড জেকো। বিশ্বকাপে এটা তার প্রথম গোল।

পাল্টা আক্রমণে পরের মিনিটেই সমতায় ফিরতে পারতো এখন পর্যন্ত কোনো গোল করতে না পারা ইরান। কিন্তু ফরোয়ার্ড মাসুদ শুজাইয়ের শটটি ক্রসবারে বাধা পায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিল ইরান কিন্তু ৫৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলে বসনিয়া।

প্রতিপক্ষের ভুল পাসে বল পেয়ে যায় বসনিয়া। তিন খেলোয়াড়ের পা ঘুরে ডি বক্সের মাঝে বল পান মিরালেম পিয়ানিচ। বাঁ দিক থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।

২-০ গোলে পিছিয়ে পড়ে ইরানের শেষ ষোলোতে ওঠার স্বপ্ন প্রায় শেষই হয়ে যায়।

নির্ধারিত সময় শেষের আট মিনিট বাকি থাকতে ফরোয়ার্ড রেজা ঘুচানেজাদ ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাসও দেন। ব্রাজিল বিশ্বকাপে এটাই ইরানের প্রথম গোল।

কিন্তু পরের মিনিটেই আভদিয়া ভ্রাসালিয়েভিচের গোলে চরম কোনো নাটকীয়তার সম্ভাবনা শেষ হয়ে যায়, নিশ্চিত হয় বিশ্বকাপে বসনিয়ার প্রথম জয়।