ভালো শুরুতে খুশি হিজফেল্ড
বিশ্বকাপে আগের সাত ম্যাচে মাত্র এক গোল হজম করা সুইজারল্যান্ড ব্রাজিল বিশ্বকাপের শুরুতেই গোল খেয়ে বসে। তারপরও ঘুরে দাঁড়িয়ে ইকুয়েডরকে ২-১ গোলে হারাতে পেরে দারুণ খুশি দলটির কোচ ওটমার হিজফেল্ড।
২২তম মিনিটে এনের ভালেন্সিয়ার গোলে পিছিয়ে পড়লেও হতাশার কোনো ছাপ ছিল না সুইস শিবিরে। বরং আরো আক্রমণাত্মক হয়ে ওঠে তারা।
৪৭তম মিনিটে আদমির মেহমেদির সমতা ফেরানো গোল আর ইনজুরি সময়ের সেফেরোভিচের জয়সূচক লক্ষ্যভেদে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।
ওই জয়ের পর ম্যাচ শেষে কোচ হিজফেল্ড বলেন, “আমরা এটা করতে পেরেছি, অবিশ্বাস্য ব্যাপার। আমরা কখনই নিজেদের উপর আস্থা হারাইনি। তিন পয়েন্ট পেয়ে আমি খুব খুশি। আর এর অর্থ শুরুটা ভালো হয়েছে।”
কোচ জানান, সমুদ্র সমতল থেকে ১ হাজার ১০০ মিটার উঁচুতে খেলতে বেশ বেগ পেতে হয় সুইসদের। সেই তুলনায় ইকুয়েডরের খেলোয়াড়দের অনেক বেশি দম ছিল।
আগামী শুক্রবার ফ্রান্সের সঙ্গে পরের ম্যাচ খেলবে সুইজারল্যান্ড।
শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়তে হওয়ায় হতাশ ইকুয়েডরের কোচ রেইনালদো রুয়েদা। তবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তার কণ্ঠে।
“আমাদের মাথা থেকে হারটাকে ঝেড়ে ফেলতে হবে এবং দুই শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার জন্যে প্রস্তুত হতে হবে।’
আগামী শুক্রবার হন্ডুরাসের বিপক্ষে এবং ২৫ জুন ফ্রান্সের বিপক্ষে গ্রুপের বাকি দুটি ম্যাচ খেলবে ইকুয়েডর।
