নাঙ্গা ছবি তোলায় ক্ষুব্ধ ক্রোয়াট ফুটবলাররা
সুইমিংপুলে নাঙ্গা হয়ে গোসল করার ছবি গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় ভীষণ ক্ষুব্ধ ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা। তারা এতোটাই ক্ষেপেছেন যে, বিশ্বকাপের মতো বড় আসরেও গণমাধ্যমের মুখোমুখি না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সুইমিংপুলের পাশের ঝোপে লুকিয়ে থাকা দুই ফটোগ্রাফার খেলোয়াড়দের ছবি তোলেন। ওই ছবি ছাপানো হয় কয়েকটি অনলাইন গণমাধ্যমে।
বিশ্বকাপে নিজেদের ঘাঁটি পাইয়া দো ফরতেতে ক্রোয়েশিয়ার ক্ষুব্ধ কোচ নিকো কোভাচ সাংবাদিকদের বলেন, "ওদের আর ওদের পরিবারের সঙ্গে তোমরা যা করেছ, তারপর আর আমি ওদের তোমাদের কাছে দিতে পারি না।"
"ওরা দৃঢ় প্রতিজ্ঞ, তোমাদের সঙ্গে আর কথা বলবে না। আমি জানি না ওদের নীরবতা কালই শেষ হবে, নাকি টুর্নামেন্ট পর্যন্ত চলবে। আমি ওদের সিদ্ধান্তকে সম্মান জানাই।"
সারা পৃথিবী শিষ্যদের নাঙ্গা ছবি দেখেছে এটা মানতেই পারছেন না কোভাচ।
নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে ৩-১ গোলে হেরেছে ক্রোয়েশিয়া। আগামী বুধবার মানাউসে 'এ' গ্রুপের ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া।
