সন্তুষ্ট নন ব্রাজিল সমর্থকরা
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয়ে খুশি হলেও নেইমারদের খেলায় মন ভরেনি বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পাতায় ব্রাজিলের জয়ের প্রতিবেদনে এই প্রতিক্রিয়া পাওয়া গেছে পাঠকদের কাছ থেকে।
বৃহস্পতিবার সাও পাওলোয় ২০তম বিশ্বকাপের উদ্বোধনী খেলায় পিছিয়ে পড়েও ৩-১ গোলে জয় পেয়েছে স্বাগতিক ব্রাজিল। জাদুকরী ফুটবলে ভক্তদের মুগ্ধ করা রাখা নেইমারের পা থেকে এসেছে দুটি গোল।
জিতলেও ব্রাজিল সমর্থকরা বলছেন, এই খেলা দিয়ে শিরোপা জয় সম্ভবপর নয়।
শফিকুল ইসলাম নামে একজন লিখেছেন,“অপূর্ব, ব্রাজিল জিতেছে। কিন্তু বিশ্বকাপ জেতার পারফরমেন্স নেই।”
মাহিদুল ইসলাম দিপু লিখেছেন, “ভাবছিলাম ব্রাজিল আজ ক্রোয়েশিয়াকে ৭/৮ গোল দিবে!! বাট।”
‘উন্মাদীও সংলাপ’ লিখেছেন, “ব্রাজিলের খেলায় তাদের স্বকীয়ত্ব খুঁজে পেলাম না।”
জোসহিনা মধু লিখেছেন, “দুরন্ত হয় নাই, আরো ভাল হওয়া উচিত ছিল, ডিফেন্স দুর্বল।”
হতাশা প্রকাশ করে রিপন ক্রিপুরা লিখেছেন, “ক্রোয়েশিয়ায় আসল বিজয়ী, ব্রাজিল নয়।”
ইমন রহমান লিখেছেন, “পচা সূচনা।”
তবে মোহাম্মদ আল মামুন আশা করছেন, ব্রাজিলের শেষটা ভালোই হবে। তিনি লিখেছেন,“শেষ ভালো যার, সব ভালো তার।”
অনেকে আবার স্বাগতিক ব্রাজিলের এই জয়ে রেফারির পক্ষপাতও খুঁজে পেয়েছেন।
মঈন মিজানুর লিখেছেন, “রেফারির দুরন্ত সূচনা সাথে ব্রাজিলের!!!সামনে ব্রাজিলের প্রতিটা খেলায় রেফারির এই রকম আরো খেলা আমাদের দেখতে হবে।এই কাপটা ব্রাজিলের, সবাই ধরে নিতে পারেন!যে কোনো কিছুর বিনিময়ে ফিফা কাপটা ব্রাজিলকে বুঝিয়ে দিবে!”
জিম আল মামুন মুন লিখেছেন, “চিটারি, বাটপারি করে বেশি দূর যাওয়া যায় না। সুতরাং ব্রাজিল তোমরা ও পারবে না।”
অঙ্কন দেবনাথ লিখেছেন, “ইনজুরির অভিনয় করে গোল নিয়ে আর নাকানি চুবানি খাইয়া অবশেষে ব্রাজিলের লজ্জা জনক জয়..।”
এই খেলা নিয়ে মন্তব্যকারী অনেকে আর্জেন্টিনা সমর্থক বলে মনে করছেন ব্রাজিলপ্রেমীরা। তার জবাবও দিয়েছেন তারা।
আবু মুসা নামে একজন লিখেছেন, “আরে মামু এটা শুধু ব্রাজিল কে দিয়েই সম্ভব। ....ভঙ্গ টিম আর্জেন্টিনাকে দিয়ে হ্যান্ডবলই সম্ভব, ফুটবল নয়।”
ফুটবল নিয়ে দুই পক্ষের এই রেষারেষির সমালোচনা করেও লিখেছেন কেউ কেউ।
আছিয়া আফরোজ লিখেছেন,“ব্রাজিল বা আর্জেন্টিনা জিতুক, আপনার আমার কোনো লাভ আছে? অন্য দেশের চামচামি করার হ্যাবিটটা বাংগালির গেল না, লজ্জা করে না?”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পেইজ (https://www.facebook.com/bdnews24) বাংলাদেশের গণমাধ্যমের ফ্যান পেইজগুলোর মধ্যে লাইক-দাতার সংখ্যা অনুযায়ী নিয়মিত শীর্ষে অবস্থান করে। এই পেইজের মন্তব্য উন্মুক্ত এবং দায় মন্তব্যদাতার।
