০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ফ্রান্সের কেউ কেউ হয়তো মেসির হাতে শিরোপা দেখতে চায়: দেশম

ফ্রান্সের অধিনায়ক উগো লরিস অবশ্য এত বড় টুর্নামেন্টের ফাইনালকে মেসিকেন্দ্রিক ভাবতেই চান না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2022, 07:55 PM

Updated : 17 Dec 2022, 08:02 PM

লিওনেল মেসি নামটা এত বড় হয়ে উঠেছে যে, বিশ্বকাপ ফাইনালের আগে প্রায় সব ক্ষেত্রেই ঘুরে ফিরে আসছে তার কথা। অনেকের মতে, ফুটবলকে মেসি এত বেশি দিয়েছেন যে বিশ্বকাপের সোনালী ট্রফিটা তার প্রাপ্য হয়ে গেছে। তাই হয়তো, অনেক ফরাসিও নিজের দেশের বিপক্ষে লড়াইয়েও আর্জেন্টাইন তারকার মাথায় বিশ্ব সেরার মুকুট দেখতে চাইছেন!

নিজের দেশের মানুষের, এমনকি সাবেক সতীর্থদের কারো কারো এমন ‘অদ্ভূত’ চাওয়ায় হয়তো একটু্ বিরক্তও ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম।

কাতার বিশ্বকাপ থেকে ব্রাজিল ছিটকে পড়ার পর কদিন আগে ‘দা ফেনোমেনন’ রোনালদো যেমন বলেন, আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বী হওয়ায় তাদের সাফল্য কামনা করতে পারছেন না; তবে  মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান তিনি।

ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ী দলের সদস্য দাভিদ ত্রেজেগে যেমন শুক্রবার টিওয়াইসি স্পোর্টসকে বলেন, তিনিও খুব করে চান চ্যাম্পিয়ন হয়েই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা যেন রাঙিয়ে রাখতে পারে মেসি। এমনকি সেটা তার দেশের বিপক্ষে লড়াই হওয়া সত্ত্বেও।

লুসাইল স্টেডিয়ামে রোববার শিরোপা লড়াইয়ে নামবে ফ্রান্স ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

১৯৯৮ সালে ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া সাবেক মিডফিল্ডার দেশম রাশিয়া আসরে কোচ হিসেবেও দেশকে বিশ্বকাপ জেতান। তার দলের সামনে এবার ৬০ বছরে প্রথম দল হিসেবে ট্রফিটি ধরে রাখার হাতছানি। আর সেটা সম্ভব হলে ফুটবলের ইতিহাসে একমাত্র ব্যক্তি হিসেবে খেলোয়াড় হিসেবে একটি ও কোচ হিসেবে দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বেন তিনি।

এসব লক্ষ্য পূরণে তাদের সামনে কঠিন বাধা হয়ে দাঁড়াবে উদ্বুদ্ধ আর্জেন্টিনা, যে দলের সবাই এক হয়ে মেসিকে বিশ্বকাপ জেতাতে উন্মুখ হয়ে আছে।

এদিকে, ফ্রান্স দলে আবার অনেক খেলোয়াড় ঠাণ্ডাজনিত অসুস্থতায় ভুগছেন। সবকিছু মিলিয়ে ফাইনালের আগে ফ্রান্স শিবিরের অবস্থা খুব একটা আশাব্যাঞ্জক নয়। এ অবস্থায় আর্জেন্টিনার মতো এমন উজ্জীবিত দলের বিপক্ষে লড়াইয়ে আগে কি একটু চাপে আছেন?-এমন প্রশ্নের জবাবে দেশম তা উড়িয়ে দেন।

“আমি চিন্তিত নই, চাপেই নেই। এমন ম্যাচের জন্য প্রস্তুতিপর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শান্ত থাকা।”

“একটা বিশ্বকাপ ফাইনালে, ম্যাচটাই তো মূল, তবে কিছু কিছু বিষয়ও বিশেষভাবে উঠে আসছে। আমি জানি, আর্জেন্টিনার মানুষ এবং হয়তো কিছু ফরাসিও মেসির বিশ্বকাপ জয় দেখতে চান।”

ফ্রান্সের অধিনায়ক উগো লরিস অবশ্য এত বড় একটা টুর্নামেন্টের ফাইনালকে মেসিকেন্দ্রিক ভাবতেই চান না।

“প্রতিযোগিতাটি অনেক গুরুত্বপূর্ণ, সেখানে আলাদা করে একজন খেলোয়াড়ের ওপর নজর দেওয়া ঠিক না। এটা দুই গ্রেট ফুটবল জাতির মধ্যে ফাইনাল। মেসির মতো এমন খেলোয়াড়ের মুখোমুখি হতে হলে তার দিকে আলাদা নজর দিতেই হয়। কিন্তু ম্যাচটা শুধু তাকে নিয়ে নয়।”