আরও ধারাল হতে হবে, জামালদের উদ্দেশে কাবরেরা
ফিটনেস ও খেলার মানে উন্নতির জন্য তাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে-বিষয়টি ছেলেরা জানে বলে মনে করেন জাতীয় দলের কোচ।
কদিন টানা অনুশীলনের পর বুধবার ৩০ মিনিটের ম্যাচ খেললেন জামাল ভূইয়া-রিমন হোসেনরা। হাভিয়ের কাবরেরা মূলত ম্যাচটি আয়োজন করেন শিষ্যদের ফিটনেসের সার্বিক অবস্থা জানতে। যতটুকু জানলেন ও বুঝলেন, তাতে তিনি খুশি, কিন্তু তৃপ্ত নন মোটেও। জাতীয় দলের কোচ তাই শিষ্যদের বার্তা দিলেন আরও ধারাল হওয়ার, আরও ত্যাগ স্বীকার করার।
প্রিমিয়ার লিগ শেষে ছুটি কাটিয়ে ক্যাম্পে যোগ দিয়েছেন খেলোয়াড়রা। ছুটির সময়ে শরীরের যত্ন নেওয়া হয়নি পুরোপুরি। খেলোয়াড়রাও তা স্বীকার করেছেন অকপটে। কম্বোডিয়া ও নেপাল ম্যাচের বেশ দেরি থাকায় কাবরেরাও আপাতত ফিটনেসের দিকে দিচ্ছেন বাড়তি গুরুত্ব।
কোচের নির্দেশনা মেনে ফিটনেস ফিরে পাওয়ার সংগ্রামে নামা জামাল-ফাহাদদের দৌড়াতে হচ্ছে লম্বা সময়। ট্রেনিং সেশনগুলোও দীর্ঘ হওয়ায় ঘাম ছুটে যাচ্ছে। তবে খেলোয়াড়দের পরিশ্রম, নিবেদন দেখে তৃপ্তি অনুভব করছেন কারবেরা। এই স্প্যানিশ কোচও দেখতে চান, কষ্ট অনুভব করুক তার শিষ্যরা!
“আমি মনে করি ছেলেদের ফিটনেসে উন্নতি হচ্ছে। তারা খুব কষ্ট করছে, যেহেতু হার্ড ট্রেনিং হচ্ছে, কিন্তু এটাই স্বাভাবিক। ছুটি শেষে ফেরায় তাদেরকে আমরা অনেক কাজ দিয়েছি, অনেক রানিং করাচ্ছি, লম্বা ট্রেনিং সেশন করাচ্ছি। ছেলেরা খুবই কষ্ট অনুভব করছে, কিন্তু তারপরও ছেলেরা আজ ৩০ মিনিটের ম্যাচ খেলেছে, ফলাফল বেশ ইতিবাচক।”
“কার শরীর ভারী, ফিটনেসের অবস্থা কেমন-সেগুলো আমরা জানি এবং সে অনুযায়ী কাজ করছি। কেউ কেউ ব্যথা নিয়ে নয়, তবে অস্বস্তি নিয়ে খেলেছে এবং আমরা চেয়েছি ছেলেরা অস্বস্তিবোধ করুক। আমরা চাই আরও বেশি ফিট হওয়ার জন্য তারা কষ্ট অনুভব করুক এবং এটা ছেলেরাও জানে তাদের আরও ধারাল হতে হতে, ত্যাগ স্বীকার করতে হবে।”
ত্যাগ স্বীকার করতে কার্পণ্য নেই খেলোয়াড়দেরও। ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া ও ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে তীব্র তাপদাহের মধ্যেও অনুশীলনে ঘাম ঝরাচ্ছে তারা। এখনও অনেক কাজ বাকি থাকলেও কাবরেরা বলছেন-সঠিক পথেই আছে দল।
একটু একটু করে রক্ষণ সামলানো, আক্রমণ শাণানো নিয়ে কাজ শুরু হয়েছে। মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদও জানালেন ৪-৩-৩ ফরমেশন নিয়ে কাজ করছেন কোচ।
“আমাদের পরিকল্পনা হচ্ছে কাউন্টারে কিভাবে আক্রমণ করব, মিডফিল্ডের শেপ কেমন থাকবে-এগুলো নিয়ে কাজ হচ্ছে। কোচ আমাদের পজিশন নিয়ে আলোচনা করেছেন। ব্যক্তিগত ভাবে সবার সঙ্গে কথা বলেছেন… যাতে আমরা আরও ভালো করতে পারি।”
ক্যাম্পে থাকা ২৭ জনের মধ্যে থেকে ২৩ জনকে বেছে নেবেন কাবরেরা। কোচের আস্থা অর্জন করতে সবাই সব কষ্ট সয়ে ঘাম ঝরিয়ে চলছে বলেও জানালেন ফাহাদ।
“সবাই অনেক ভুগছিলাম (শুরুর দিকে)। ধীরে ধীরে মানিয়ে নিচ্ছি। পেশাদার হিসেবে চ্যালেঞ্জ নিতেই হবে। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এবার ২৩ জনের দল গড়া কঠিন হবে (কোচের জন্য), কারণ এখানে সবাই লিগের সেরা পারফরমার। তাই এখন নিজের জন্য নিজেকেই চ্যালেঞ্জ নিতে হবে, কঠোর পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করে নিতে হবে।”
