অস্ত্রোপচার হবে রেয়াল মাদ্রিদের আসেন্সিওর
পুরোপুরি সুস্থ হয়ে তার মাঠে ফিরতে সময় লেগে যাবে অনেকটা।
রাউল আসেন্সিওর ডান পায়ের সামনের অংশের স্ট্রেস ফ্র্যাকচার পুরোপুরি সারিয়ে তুলতে অস্ত্রোপচার করাতে হবে, জানিয়েছে তার ক্লাব রেয়াল মাদ্রিদ।
এই স্প্যানিশ ডিফেন্ডারের অস্ত্রোপচার হবে বৃহস্পতিবার। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে তার সেরে উঠতে দুই থেকে চার মাস সময় লাগবে।
চলতি মৌসুমের শুরু থেকেই চোটের সঙ্গে লড়াই চলছে আসেন্সিওর। পেশির চোটে রেয়ালের প্রথম পাঁচ ম্যাচের স্কোয়াডেই ছিলেন না তিনি। পরে লা লিগায় সবশেষ তিন ম্যাচে স্কোয়াডে ফিরলেও, পুরোটা সময় তার কাটে বেঞ্চে বসে।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ৩৪ ম্যাচ খেলেন আসেন্সিও; তবে মৌসুমের শেষ তিন মাসে শুরুর একাদশে জায়গা হারান তিনি।
চলতি মৌসুমে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে কোচ জুজে মরিনিয়োর এখন পর্যন্ত প্রথম পছন্দ ইব্রাহিমা কোনাতে ও ডিন হাউসেন। জার্মান ডিফেন্ডার আন্টোনিও রুডিগারও আছেন দলে। আরেক গুরুত্বপূর্ণ ডিফেন্ডার এদের মিলিতাও অস্ত্রোপচার করানোয় গত এপ্রিল থেকে আছেন বাইরে।
