২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলান্ড-ফোডেনের ‘ভয়ঙ্কর জুটি’ দেখার অপেক্ষায় গুয়ার্দিওলা

এই দুজনের রসায়ন ক্রমেই প্রতিপক্ষের জন্য ভীতি জাগানিয়া হয়ে উঠবে বলে বিশ্বাস ম্যানচেস্টার সিটি কোচের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2022, 08:28 PM

Updated : 27 Aug 2022, 10:00 PM

স্কোয়াডে একজন প্রকৃত স্ট্রাইকারের অভাব পূরণে আর্লিং হলান্ডকে দলে টেনেছে ম্যানচেস্টার সিটি। শুরুর লগ্নে প্রত্যাশা পূরণের ইঙ্গিতও দিয়েছেন নরওয়ের এই তারকা। এবার সতীর্থদের সঙ্গে তার মানিয়ে নেওয়া, বিশেষ করে আরেক তরুণ ফিল ফোডেনের সঙ্গে হলান্ডের যুগলবন্দী জমে ওঠার প্রত্যাশায় কোচ পেপ গুয়ার্দিওলা।

সময়ের সাথে সাথে এই দুইয়ের রসায়ন দলের জন্য দারুণ কার্যকর ও প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠবে বলে বিশ্বাস সিটি কোচের।

বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে চলতি দলবদলে সিটিতে নাম লেখান হলান্ড। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচে তিন গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি।

সময়ের সবচেয়ে প্রতিভাবান ফুটবলারদের একজন হলান্ডের সঙ্গে সিটির অন্য খেলোয়াড়দের মানিয়ে নিতে এখনও কিছু সময় লাগবে। ম্যাচ যত যাবে, সতীর্থদের মাঝে আক্রমণে হলান্ডকে খুঁজে নেওয়ার প্রবণতা বাড়বে বলে মনে করেন গুয়ার্দিওলা।

শুক্রবার সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলা বলেন, “এটা কেবল সময়ের ব্যাপার এবং একে অপরকে ভালোভাবে জানার বিষয়, দেখা যাক।”

বোর্নমাউথের বিপক্ষে ঘরের মাঠে ৪-০ গোলের জয় ও নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ৩-৩ ড্রয়ের ম্যাচে দুটি ভালো কোনাকুনি শট নিয়েছিলেন ফোডেন, উভয় ক্ষেত্রেই ঠিক সময়ে ঠিক পজিশনে ছিলেন হলান্ড। এই দৃশ্য এখন নিয়মিত দেখা যাবে এবং দুজন যে আরও ভয়ঙ্কর হয়ে উঠবেন, সেটাই প্রত্যাশা গুয়ার্দিওলার।

“গত মৌসুমে অ্যানফিল্ডে আমাদের ম্যাচেও ঠিক এমন অবস্থান থেকেই ফিল শট নিয়েছিল এবং গোল করেছিল। কিন্তু সেই সময়ে হয়তো আমাদের প্রকৃত স্ট্রাইকার ছিল না।”

“কিন্তু এখন আমরা জানি আর্লিং সব সময় সেখানে থাকবে। কখনও কখনও সে (ফোডেন) একই পজিশনে থাকবে, শট নেবে, গোলও করবে এবং আমি সেটা চাইও। কিন্তু এখন সে (ফোডেন) রিপ্লে দেখবে এবং জানবে যে আর্লিং সব সময় সেখানে থাকবে- এটাই তার সবচেয়ে বড় প্রতিভা।”