১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ‘আরও অনুপ্রাণিত’ সিটি

প্রিমিয়ার লিগে প্রথম দল হিসেবে টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য সর্বোচ্চ লড়াইয়ের কথা বললেন দলটির ডিফেন্ডার কাইল ওয়াকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2024, 04:43 PM

Updated : 12 Mar 2024, 04:43 PM

লিগ টেবিলের উপরের তিনটি ক্লাবের মধ্যে ব্যবধান মাত্র এক পয়েন্টের, যা প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইকে ভীষণ রোমাঞ্চকর করে তুলেছে। গত তিনবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির জন্য মুকুট ধরে রাখা হয়ে উঠেছে খুব চ্যালেঞ্জিং। তবে দলটির অভিজ্ঞ ডিফেন্ডার কাইল ওয়াকার সতীর্থদের উদ্বুদ্ধ করতে বললেন, এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ে তাদের বরং আরও অনুপ্রাণিত হওয়া উচিত। 

মৌসুমের প্রথমভাগে কিছুটা অধারাবাহিক পারফরম্যান্সে ট্রফির লড়াইয়ে একটু পেছনে চলে গিয়েছিল সিটি। তবে, গত কয়েক মৌসুমের মতো এবারও দ্বিতীয় ভাগে দুর্দান্ত ছন্দে ফিরেছে পেপ গুয়ার্দওলার দল; গত ৬ ডিসেম্বর অ্যাস্টন ভিলার মাঠ ১-০ গোলে হারের পর থেকে অপরাজিত আছে দলটি। এই সময়ে লিগে ১৩ ম্যাচ খেলে ১০টিতে জিতেছে তারা। 

তাদের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে আর্সেনাল ও লিভারপুল।

গত রোববার অ্যানফিল্ডে সিটি-লিভারপুল ম্যাচটি ড্র হওয়ায় প্রায় আড়াই মাস পর শীর্ষে থেকে সপ্তাহ শেষ করেছে আর্সেনাল। ২৮ রাউন্ড শেষে লিভারপুলের সমান ৬৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে মিকেল আর্তেতার দল। আর ৬৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে সিটি। ২০১৪ সালের পর মৌসুমের এই পর্যায়ে পয়েন্ট তালিকার প্রথম তিন দলের মধ্যে এবারই ব্যবধান এত কম। 

ইংলিশ ডিফেন্ডার ওয়াকার অবশ্য এতে নিজেদের জন্য চিন্তার তেমন কিছু দেখছেন না। ক্লাবের ওয়েবসাইটে তিনি বলেন, এমন প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতার জন্য ভালো।

“লিগের জন্য এটা দারুণ ব্যাপার- এত কাছাকাছি অবস্থানে তিন দলের থাকা, দুর্দান্ত সব খেলোয়াড় নিয়ে দলগুলোর সেরা ছন্দে এগিয়ে চলা, সত্যিই লড়াইটা দারুণ উপভোগ্য হবে।” 

“আমাদের নিশ্চিত করতে হবে, যেন আমরা এই ছন্দে খেলে যেতে পারি এবং সবসময়ের মতো শেষ পর্যন্ত লড়াই করতে পারি। কেউ টানা চারবার (লিগ শিরোপা) জিততে পারেনি, আমরা সেটাই করতে চাই- আমরা এর জন্য ক্ষুধার্ত।” 

আগামী শনিবার এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলবে সিটি। এরপর প্রায় দুই সপ্তাহের বিরতি শেষে তারা প্রিমিয়ার লিগে আর্সেনালের মুখোমুখি হবে।