'এটাই ম্যানচেস্টার ইউনাইটেডের মান হতে হবে'
টটেনহ্যাম হটস্পাারের বিপক্ষে দলের খেলায় খুশি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।
আগের ম্যাচে আক্রমণে ম্রিয়মাণ ম্যানচেস্টার ইউনাইটেডকে আগ্রাসী রুপে দেখা গেল টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে। শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলার পাশাপাশি একের পর এক গোলের সুযোগ তৈরি করে তারা। উগো লরিস দেয়াল হয়ে দাঁড়ানোয় ব্যবধান যদিও খুব বড় হয়নি; তবে দলের সামগ্রিক পারফরম্যান্সে খুব খুশি ম্যানচেস্টারের ক্লাবটির কোচ এরিক টেন হাগ।
প্রিমিয়ার লিগে ওল্ড ট্র্যাফোর্ডে গত বুধবার পুরো ম্যাচে আক্রমণে আধিপত্য বিস্তার করে টটেনহ্যামকে ২-০ গোলে হারায় ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন ফ্রেদ ও ব্রুনো ফের্নান্দেস। টেন হাগের মতে, চলতি মৌসুমে এখন পর্যন্ত এটিই তাদের সেরা পারফরম্যান্স।
লিগে নিজেদের আগের ম্যাচে ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ইউনাইটেড। ওই ম্যাচের পর দলের আক্রমণভাগ নিয়ে হতাশাও প্রকাশ করেছিলেন এই ডাচ কোচ।
তিন দিন পরই মাঠে ইউনাইটেডের ঠিক উল্টো রূপ দেখা গেল। প্রথম ৩০ মিনিটেই গোলের জন্য তারা শট নেয় ১৪টি, যার পাঁচটি ছিল লক্ষ্যে। পাঁচটিই দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন লরিস। পুরো ম্যাচে ইউনাইটেডের ২৮ শটের ১০টি ছিল লক্ষ্যে।
এবারের প্রিমিয়ার লিগে এক ম্যাচে গোলের জন্য এর চেয়ে বেশি শট নিতে পারেনি আর কোনো দল। দলের পারফরম্যান্স নিয়ে ম্যাচের পর সংবাদ সম্মেলনে টেন হাগের কণ্ঠে প্রকাশ পেল উচ্ছ্বাস।
“দল নিয়ে আমি সন্তুষ্ট। আমি মনে করি, মৌসুমে এটি আমাদের সবচেয়ে সেরা দলগত পারফরম্যান্স। আপনারা আজ দেখেছেন যে আমরা উন্নতি করছি। দেখিয়েছি যে আমরা কীভাবে খেলতে চাই, প্রতিবার মাঠে নেমে আমরা আরও ভালো দল হয়ে উঠি। টটেনহ্যাম এই মৌসুমে এখন পর্যন্ত দুর্দান্ত একটি দল। ড্রেসিং রুমে আমি ছেলেদের বলেছি যে তাদের খেলা দেখা উপভোগ্য ছিল।”
“এটা দলগত পারফরম্যান্স ছিল। আমরা আজ যা দেখলাম তা হলো, আমাদের ১১ জন খেলোয়াড় রক্ষণে অংশ নেয় এবং ১১ জন আক্রমণও করে। আমি দলের খেলায় খুশি। বলব না যে আমি পুরোপুরি সন্তুষ্ট। এটাই ম্যানচেস্টার ইউনাইটেডের মান হতে হবে।”
লিগে ১০ ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ইউনাইটেড।
সমান ম্যাচে ২৭ পয়েন্ট শীর্ষে আর্সেনাল, ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
১১ ম্যাচে সিটির সমান পয়েন্ট নিয়ে তিনে আছে টটেনহ্যাম।
