ইসরায়েলের বিপক্ষে ম্যাচ খেলা উচিত নয়: আয়ারল্যান্ডের নাইট
রিপাবলিক অব আয়ারল্যান্ডের প্রথম কোনো খেলোয়াড় ম্যাচটি না খেলার বিষয়ে প্রকাশ্যে বললেন।
উয়েফা নেশন্স লিগে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ খেলা উচিত হবে না বলে মনে করেন রিপাবলিক অব আয়ারল্যান্ডের জেসন নাইট। দলের সবাই বসে এ বিষয়ে করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি।
নাইটই আয়ারল্যান্ডের প্রথম কোনো খেলোয়াড়, যিনি ম্যাচটি না খেলার বিষয়ে প্রকাশ্যে বললেন।
হাঙ্গেরিতে আগামী রোববার ইসরায়েলের বিপক্ষে খেলার কথা আয়ারল্যান্ডের। পরে ৪ অক্টোবর দল দুটি ফের মুখোমুখি হবে সার্বিয়ায়।
দল দুটি একই গ্রুপে পড়ার পর থেকেই, গাজায় চলমান যুদ্ধের কারণে আয়ারল্যান্ডে এই ম্যাচগুলো না খেলার দাবি জোরাল হয়েছে এবং ‘স্টপ দা গেম’ প্রচারণাও গতি পেয়েছে।
বৃহস্পতিবার কসোভোর বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচের আগে আয়ারল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক ডাড়া ও’শে নিশ্চিত করেন যে, খেলোয়াড়রা শুক্রবার বৈঠকে বসবেন। সেখানে তারা ইসরায়েলের বিপক্ষে রোববারের ‘হোম’ ম্যাচ-যেটিতে কোনো আইরিশ দর্শক উপস্থিত থাকবেন না এবং পরের সপ্তাহে দর্শকশূন্য স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটি নিয়ে নিজেদের অবস্থান বা করণীয় বিষয়ে আলোচনা করবেন।
কসোভোর বিপক্ষে ম্যাচের পর ইসরায়েল ম্যাচ নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন নাইট।
“দেখুন, বিষয়টি বেশ জটিল। ম্যানেজার, দারা এবং ন্যাথান (কলিন্স) এ নিয়ে ভালোভাবেই কথা বলেছেন। আমার মনে হয় না ম্যাচটি হওয়া উচিত, তবে এটা হতে যাচ্ছে। আমরা এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব; দল হিসেবে আমরা আমাদের মতামত জানব এবং তারপর পরবর্তী পদক্ষেপ ঠিক করব।
“কঠিন এক পরিস্থিতি। আয়ারল্যান্ডে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আমি ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপে আমার খেলার ওপরই মনোযোগ দিচ্ছিলাম। তবে আমি জানতাম যে, বিষয়টি সামনে আসবে, তাই এ নিয়ে আমি চিন্তাভাবনা করেছি।”
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালায়; এতে প্রায় এক হাজার ২০০ মানুষ নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়।
এর জবাবে গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই অভিযানে ৭৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
ব্রিস্টল সিটির মিডফিল্ডার নাইট আরও বলেন, “পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে আমরা খেলোয়াড়দের-বিশেষ করে দলের অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেছি। এখন যেহেতু আমরা এখানে আছি, তাই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে পারব। আমরা (শুক্রবার) আলোচনা করব এবং তারপর পরবর্তী সিদ্ধান্ত নেব।
“আমার বেশ অভিজ্ঞতা রয়েছে। যদিও আমাদের কেউই আগে এমন পরিস্থিতির মুখোমুখি হইনি, তবু আমি নিজেকে অভিজ্ঞ ও মানসিক দিক থেকে দৃঢ় মনে করি; আমি যেকোনো কঠিন পরিস্থিতি সামলে উঠতে পারি এবং সেটাই করার চেষ্টা করব।”
