২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়াক্স থেকে ‘ইউনাইটেডের পথে’ আন্তোনি

বিবিসির খবর, ২২ বছর বয়সী ফুটবলারকে পেতে প্রাথমিকভাবে ম্যানচেস্টার ইউনাইটেডের খরচ হচ্ছে ৮ কোটি সাড়ে ৭ লাখ পাউন্ড।

আয়াক্স থেকে ‘ইউনাইটেডের পথে’ আন্তোনি

গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া পঞ্চম খেলোয়াড় হবেন আন্তোনি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 08:28 PM

Updated : 29 Aug 2022, 08:36 PM

সবকিছু যেভাবে এগোচ্ছে তাতে আন্তোনির ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসাটাই যেন শুধু বাকি। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, ব্রাজিলিয়ান উইঙ্গারকে দলে টানতে তার বর্তমান ক্লাব আয়াক্সের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে প্রিমিয়ার লিগের দলটি।

বিবিসির খবরে রোববার বলা হয়, ২২ বছর বয়সী এই ফুটবলারকে পেতে প্রাথমিকভাবে ইউনাইটেডের খরচ হচ্ছে ৮ কোটি সাড়ে ৭ লাখ পাউন্ড। বিভিন্ন ফি বাবদ দিতে হবে আরও ৪২ লাখ ২৫ হাজার পাউন্ড।

সেটা হলে ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়াইরের সঙ্গে যৌথভাবে ইউনাইটেডের দ্বিতীয় সর্বোচ্চ দামে কেনা খেলোয়াড় হবেন আন্তোনি। ২০১৬ সালে পল পগবাকে কিনতে রেকর্ড ৮ কোটি ৯০ লাখ পাউন্ড খরচ করেছিল ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।

স্কাই স্পোর্টসের খবর, মেডিকেল ও চুক্তির আনুষ্ঠানিকতা সারতে আন্তোনি সোমবার ম্যানচেস্টারে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে।

আগামী বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে তাকে পেতে হলে বুধবার দুপুরের মধ্যে তার নিবন্ধন করতে হবে। তবে সেটা কঠিন বলেই ধারণা করা হচ্ছে। কারণ, আগে তাকে ওয়ার্ক পারমিট পেতে হবে।

২০২০ সালে ব্রাজিলের ক্লাব সাও পাওলো থেকে আয়াক্সে যোগ দেওয়ার পর দলটির হয়ে এখন পর্যন্ত ৮২ ম্যাচ খেলে আন্তোনি গোল করেছেন ২৫টি, অ্যাসিস্ট ২২টি। ইউনাইটেডের বর্তমান কোচ এরিক টেন হাগের কোচিংয়ে ডাচ ক্লাবটিতে খেলেছেন তিনি।

আক্রমণভাগে নতুন শক্তি যোগ করতে অনেক দিন ধরেই আন্তোনির ওপর নজর ইউনাইটেডের। কদিন আগে গণমাধ্যমের খবরে বলা হয়, ক্লাবটি বড় অঙ্কের প্রস্তাব দিলেও আয়াক্স তাকে ছাড়তে রাজি হয়নি। তবে পরে আন্তোনি নিজেই জানিয়ে দেন, নতুন চ্যালেঞ্জ নিতে দল ছাড়তে চান তিনি।

আয়াক্সে গত মৌসুমটা অসাধারণ কাটে তার। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে ১২ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান ১০টি। দলের টানা তৃতীয় লিগ শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতেও উঠেছিল তারা।

গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় আন্তোনির। এখন পর্যন্ত জাতীয় দলের হয় ৯ ম্যাচ খেলে ২টি গোল করেছেন গতিতে প্রতিপক্ষের রক্ষণকে ভেঙে দিতে সক্ষম এই তরুণ।

চলতি গ্রীষ্মের দলবদলে ইউনাইটেডে যোগ দেওয়া পঞ্চম খেলোয়াড় হবেন তিনি। এর আগে আয়াক্স থেকে তার সাবেক সতীর্থ ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস, রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার কাসেমিরো, ফেইনুর্ডের ফুল-ব্যাক তাইরেল মালাসিয়া ও ডেনিশ মিডফিল্ডার ক্রিস্তিয়ান এরিকসেনকে ফ্রি ট্রান্সফারে দলে টানে তারা।

৩৭ বছর বয়সী ক্রিস্তিয়ানো রোনালদো ইউনাইটেডে থাকবেন কি-না, তা নিয়ে জল্পনা চলছে এখনও। অনেক গুঞ্জনের মাঝে সবশেষ পর্তুগিজ মহাতারকার সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে উঠে এসেছে ইতালিয়ান ক্লাব নাপোলির নাম।

গ্রীষ্মের দলবদলের সময় শেষ হতে বাকি আর দুই দিন।