০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

২৯ বছর বয়সে জাতীয় দলকে ভারানের বিদায়

ফরাসি এই ডিফেন্ডারের বিশ্বাস, তরুণদের এখন সময় হয়েছে জাতীয় দলের হাল ধরার।

২৯ বছর বয়সে জাতীয় দলকে ভারানের বিদায়

ছবি : টুইটার 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2023, 07:43 PM

Updated : 02 Feb 2023, 07:43 PM

রাফায়েল ভারানেকে ঘিরে কদিন ধরে আসা উড়ো খবরই সত্যি হলো। মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ফরাসি এই ডিফেন্ডার।

ইন্সটাগ্রামে বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে এই ঘোষণা দেন দেশের অনেক সাফল্যে অবদান রাখা ভারানে।

“আমাদের সুন্দর দেশটিকে এক দশক ধরে প্রতিনিধিত্ব করতে পারা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের। প্রতিবার যখন আমি বিশেষ নীল জার্সিটি পরেছি, সবসময়ই গর্বিত বোধ করেছি, নিজের সর্বোচ্চটা দেওয়ার, হৃদয় থেকে খেলার এবং মাঠে নামলেই জয়ের তাড়না বোধ করেছি।”

“কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে ভাবার পর আমি সিদ্ধান্ত নিলাম যে, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার এটাই সঠিক সময়।”

২০১৮ সালের বিশ্বকাপ জয়ী ভারানে জাতীয় দলের হয়ে মোট ৯৩টি ম্যাচ খেলেছেন। দেশের হয়ে তিনি আরও জিতেছেন ২০২০-২১ উয়েফা নেশন্স লিগ শিরোপা।

ম্যানচেস্টার ইউনাইটেডের এই সেন্টার-ব্যাক গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গত বছরের কাতার বিশ্বকাপে, যেখানে ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হেরে যায় দিদিয়ে দেশমের দল।

টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের খুব কাছে গিয়ে খালি হাতে ফেরার হতাশা নিয়ে কদিন আগে অবসরের ঘোষণা দেন ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস। তার কয়েক সপ্তাহের মধ্যে একইরকম সিদ্ধান্ত নিলেন ভারানে।

ভারানে আরও বলেন, তরুণদের এখন সময় হয়েছে জাতীয় দলের হাল ধরার।

ভারানের সিদ্ধান্তের বিষয়ে দেশম জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তার সঙ্গে আলাপ করেছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই খেলোয়াড়।

“কিছুদিন আগে রাফায়েল আমাকে ফোন দিয়েছিল। এটা জানাতে যে, সে আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানতে চায়। সে বুদ্ধিমান ছেলে, যে জানে এমন একটা সিদ্ধান্ত নিতে কতটা সময় নিয়ে চিন্তা করতে হয় এবং সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে এর সম্ভাব্য ভালো ও খারাপ দিক বিবেচনা করতে হয়।”