২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্তেতার সুরে আর্সেনালে সুসময়ের গান

শুরুটা দারুণ হলেও অবশ্য এখনই আকাশ ছোঁয়ার স্বপ্নে বিভোর নন কোচ মিকেল আর্তেতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 05:15 PM

Updated : 28 Aug 2022, 05:15 PM

মৌসুমের কেবলই শুরু। পারফরম্যান্সের নিক্তিতে শিরোপা লড়াইয়ে কে কতটা এগিয়ে, এখনই তাই বলাটা খুব মুশকিল। তবে এ পর্যন্ত আর্সেনালের পথচলায় চোখ রাখলে নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়, অবশেষে আলোর দেখা বুঝি পেয়ে গেছে তারা!

ব্যর্থতার চক্রে ঘুরপাক খেয়ে কয়েক বছর ধরেই কক্ষপথে ফেরার লড়াইয়ে আছে দলটি। মিকেল আর্তেতার কোচিংয়ে এবার প্রিমিয়ার লিগের শুরুটা যেমন করেছে তারা, এর চেয়ে ভালো কিছু তাদের আর হতে পারত না।

সবশেষ ম্যাচে শনিবার ফুলহ্যামের বিপক্ষে পিছিয়ে পড়ার পর যেভাবে ঘুরে দাঁড়িয়ে জিতল তারা, এতে দলটির হার না মানা ও ইতিবাচক মানসিকতার প্রমাণ মেলে। ম্যাচের পর কোচ-খেলোয়াড়দের কথায়ও তাই ফুটে উঠছে।

প্রিমিয়ার লিগের ইতিহাসে এই নিয়ে মাত্র তিনবার আসরে প্রথম চার ম্যাচের সবকটি জয়ের নজির গড়তে পারল আর্সেনাল। প্রথমবার তারা এটা করে দেখাতে পেরেছিল ২০০৩-০৪ মৌসুমে। সেবার তারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। পরের আসরে প্রথম চার ম্যাচ জিতে শেষ পর্যন্ত তারা হয়েছিল রানার্সআপ।

এরপর তারা যেন কেবলই পেছন পানে হেঁটেছে। ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে আর্সেনালের ১৩ শিরোপার সবশেষটি ওই ২০০৪ সালেই। পরের ১২ মৌসুমে তারা মাত্র দুবার রানার্সআপ হয়েছে। সেই দুবারও চ্যাম্পিয়ন দলকে সত্যিকারের চ্যালেঞ্জ জানাতে পারেনি।

২০০৪-০৫ আসরে তাদেরকে ১২ পয়েন্ট পেছনে ফেলে শিরোপা জেতে চেলসি। এরপর ২০১৫-১৬ আসরে চ্যাম্পিয়ন লেস্টার সিটির চেয়ে ১০ পয়েন্ট পেছনে থেকে লিগ শেষ করে ‘গানার’ নামে পরিচিত দলটি।

ব্যর্থতার এই ধারায় চ্যাম্পিয়ন্স লিগে জায়গা না পাওয়ার হতাশাও সঙ্গী হয় আর্সেনালের। টানা ২০ বার চ্যাম্পিয়ন্স লিগ খেলার পর ২০১৬-১৭ আসরে প্রিমিয়ার লিগে পঞ্চম হয়ে ইউরোপা লিগে নেমে যায় তার। মাঝে কেটে গেছে পাঁচটি মৌসুম, কিন্তু সেখান থেকে এখনও ইউরোপ সেরার লড়াইয়ে ফিরতে পারেনি তারা।

মৌসুমের শুরুর লগ্নে টানা চার জয়ের পর সুসময়ের ছোঁয়ায় বড় কিছু স্বপ্ন আনাগোনা করা অস্বাভাবিক নয়। তবে পায়ের তলায় জমিন শক্ত করার লড়াইয়ে থাকা দলের জন্য এখনই আকাশ ছোঁয়ার আশা বাড়াবাড়ি মনে হতেই পারে। মিকেল আর্তেতা নিজেই যেমন ফুলহ্যাম ম্যাচের পর তাদের শিরোপা সম্ভাবনার কথা উঠতেই উড়িয়ে দিলেন।

“না, মৌসুমের কেবলই শুরু। এটা দীর্ঘ এক ম্যারাথন। আমাদের পা মাটিতেই রাখতে হবে, ক্ষুধা ধরে রাখতে হবে।”

তবে কোচ শিরোপা সম্ভাবনা না দেখালেও, শুরুর এমন দুর্দান্ত পারফরম্যান্সে সমর্থকরা ঠিকই অসাধারণ কিছুর স্বপ্ন দেখতে শুরু করেছেন।

অন্তত পাঁচ মৌসুম বাদে আবারও তাদের ইউরোপ সেরার মঞ্চে ফেরার পথের দেখা মিলতেই পারে। বাস্তবিক অর্থেও, প্রাথমিক ধাপে এটাই দলটির প্রথম চাওয়া হওয়ার কথা, শীর্ষ চারে থেকে লিগ শেষ করা। সেটা হলে আর্তেতার তিন বছরের আর্সেনাল অধ্যায়ে তা হবে বড় অর্জন।

ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলের জয় আর্তেতার কোচিংয়ে আর্সেনালের শততম ম্যাচে। দলটিতে তার প্রথম পঞ্চাশ ও দ্বিতীয় পঞ্চাশ ম্যাচের পরিসংখ্যান দেখলেও পরিষ্কার হয়ে যায়, সঠিক পথেই আছেন তিনি ও তার দল।

>> আর্তেতার কোচিংয়ে প্রথম ৫০ ম্যাচে আর্সেনালের অর্জন ৭৫ পয়েন্ট; ২১ জয়, ১২ ড্র ও ১৭ হার।

>> তার হাত ধরে পরের পঞ্চাশে দলটির অর্জন ১০০ পয়েন্ট; সেখানে ৩২ জয়, চার ড্র ও ১৪ হার।

সাফল্যের এই পরিসংখ্যানের পাশাপাশি সবচেয়ে উল্লেখযোগ্য দিক, ফুটবলারদের মানসিকতার পরিবর্তন।

ফুলহ্যামের বিপক্ষে কঠিন লড়াই শেষে জয়ের আনন্দে বিভোর ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকার কণ্ঠে ফুটে উঠল তাড়না ও হার না মানসিকতার ছাপ।

“প্রতিটা ম্যাচ জিততে আমরা সবাই ভীষণ ক্ষুধার্ত। পুরো মৌসুম আমরা এভাবেই এগিয়ে যেতে চাই।”

আর্সেনালের সাবেক স্ট্রাইকার অ্যালান স্মিথেরও চোখে পড়েছে, উত্তরসূরিদের মাঝে ধীরে ধীরে গড়ে ওঠা পুরনো সেই ‘বিশ্বাস’।

“খুব কঠিন কোনো শুরু হয়নি, এখনও পর্যন্ত সবকিছু নিখুঁত। এখন তারা কঠিনতম চ্যালেঞ্জের দিকে যাবে এবং সেই পথে এগোবে সত্যিকারের বিশ্বাস নিয়ে। গত মৌসুমটা ছিল তাদের শেখার ও অভিজ্ঞতা নেওয়ার সময়, কিন্তু এখন দারুণ একটা মৌসুমের আভাস মিলতে শুরু করেছে।”

ফুলহ্যামের বিপক্ষে ম্যাচে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্সেনাল, তাতেও ফুটে উঠেছে তাদের আত্মবিশ্বাস। দ্বিতীয়ার্ধের শুরুতে ডিফেন্ডার গাব্রিয়েলের ভুলে সফরকারীদের এগিয়ে নেন আলেকসান্দার মিত্রোভিচ।

স্বাগতিকরা ঘুরে দাঁড়াতে অবশ্য সময় নেয়নি; আট মিনিট পরই অধিনায়ক মার্টিন ওডেগোরের গোলে সমতায় ফেরে তারা। আর ৮৫তম মিনিটে কাছ থেকে জালে বল পাঠিয়ে প্রথম ভুলের প্রায়শ্চিত্ত করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল।

উচ্ছ্বাসের মাঝে শিরোপা প্রসঙ্গ উঠতেই লাগাম টানছেন আর্তেতা। তবে দারুণ এই জয়ে যে বার্তাটা মিলেছে, সেখানে ভালো কিছুর সম্ভাবনা দেখছেন তিনিও।

“অনেক বড় প্রেরণা, এভাবে জেতাটা সত্যিই দারুণ। আমরা একটা ভুল করলাম এবং ওরা ফায়দা নিল। তবে প্রতিকূলতার বিপরীতে যেভাবে আমরা প্রতিক্রিয়া দেখালাম, সমর্থকদের সঙ্গে যে রসায়ন তৈরি হলো, যেভাবে আমরা (জয়ের পথে) এগিয়ে গেলাম, এগুলোই প্রমাণ করে যে এই দলটা বিশ্বাস করে।”

চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। আগামী বুধবার পরের ম্যাচে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে তারা।

আর্সেনালের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।