ইংল্যান্ড দল থেকে ছিটকে গেলেন পামারসহ ৫ জন
বিস্ময়করভাবে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার পর নেশন্স লিগের স্কোয়াডে ফিরলেও, এ যাত্রায়ও খেলা হচ্ছে না কোল পামারের।
জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরার অপেক্ষা বাড়ল কোল পামারের। নেশন্স লিগের আসন্ন ম্যাচগুলোর জন্য ঘোষিত ইংল্যান্ড দল থেকে ছিটকে গেছেন চেলসির এই অ্যাটাকিং মিডফিল্ডার।
ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন সোমবার জানিয়েছে, চোটের কারণে ম্যাচগুলো থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পামারসহ মোট পাঁচজন। অন্য চার জন মার্কাস রাশফোর্ড, টিনো লিভ্রামেন্টা, কবি মেইনু ও ডেক্লান রাইস।
ইংল্যান্ড কোচ টমাস টুখেল নতুন করে দলে ডেকেছেন নটিংহ্যাম ফরেস্টের মিডফিল্ডার মর্গ্যান গিবস-হোয়াইট ও এভারটনের মিডফিল্ডার জেমস গার্নারকে। তারা মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেবেন।
বিস্ময়করভাবে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া পামার গত শুক্রবার টুখেলের ঘোষিত স্কোয়াডে ফেরেন। কিন্তু হালকা চোটে দুই দিন পরই ছিটকে যেতে হলো ২৪ বছর বয়সি ফুটবলারকে।
শুক্রবার ব্রেন্টফোর্ডের কাছে চেলসির ৩-০ গোলে হারা ম্যাচে পুরোটা সময় খেলেন পামার। বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার হতাশা কাটিয়ে এই মৌসুমে চেলসির সাত ম্যাচের ছয়টিতেই তিনি ছিলেন শুরুর একাদশে এবং এর মধ্যে পাঁচ ম্যাচে খেলেন পুরো ৯০ মিনিট। এই সময়ে তিনি চারটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন।
পামার সবশেষ ইংল্যান্ডের হয়ে খেলেছেন গত মার্চে, জাপানের বিপক্ষে ১-০ গোলে হারা প্রীতি ম্যাচে। ২০২৫-২৬ মৌসুমে কুঁচকির পুরনো চোটে ভুগতে হয় তাকে।
আগামী শনিবার ওয়েম্বলিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে নেশন্স লিগ অভিযান শুরু করবে ইংল্যান্ড। এরপর তারা চেকিয়া (২৯ সেপ্টেম্বর) ও ক্রোয়েশিয়ার (৩ অক্টোবর) মাঠে খেলবে এবং ৬ অক্টোবর ঘরের মাঠে আবার চেকিয়ার মুখোমুখি হবে।
