৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয়

লামিন ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সে ক্রোয়েশিয়াকে উড়িয়ে নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় পেল বিশ্ব চ্যাম্পিয়নরা।

ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয়

গোলের পর লামিন ইয়ামালের উদযাপন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Sep 2026, 02:41 AM

Updated : 30 Sep 2026, 03:12 AM

ঠিক যেন আগের ম্যাচের পুনরাবৃত্তি, আবারও দ্বিতীয় মিনিটে গোল করলেন লামিন ইয়ামাল। পরে তিনি জালের দেখা পেলেন আরও একবার, মাঝে দলের আরেকটি গোলেও রাখলেন অবদান। ১৯ বছর বয়সী তারকার আলো ঝলমলে রাতে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন।

সেভিয়ায় মঙ্গলবার উয়েফা নেশন্স লিগের ম্যাচে ৪-১ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ইয়ামাল বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার পর, সমতা টানেন দিওন বেলিয়ো। একটু পরই স্বাগতিকদের আবার লিড এনে দেন মার্ক পুবিল। বিরতির পর নিজের দ্বিতীয় গোল করেন ইয়ামাল। বদলি নেমে শেষ দিকে দলের চতুর্থ গোলটি করেন নিকো উইলিয়ামস।

আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজেয় রেকর্ড যাত্রা ৪০ ম্যাচে নিয়ে গেল স্পেন (৩১ জয় ও ৯ ড্র)। এর সবশেষ ৯টিতেই জিতল তারা।

‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে দুই ম্যাচে শতভাগ সাফল্যে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন।

একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে চেকিয়াকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড; ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে তারা। সমান পয়েন্ট নিয়ে তিনে ক্রোয়েশিয়া। চেকিয়া এখনও পয়েন্ট পায়নি।

ম্যাচে প্রায় ৬৪ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৬ শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে স্পেন। ক্রোয়েশিয়ার পাঁচ শটের দুটি লক্ষ্যে ছিল।

তিন দিন আগে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের মতো খেলা শুরু হতে না-হতেই স্পেনকে এগিয়ে নেন ইয়ামাল। বাঁ দিকে মার্ক কুকুরেইয়ার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে পাস দেন অ্যালেক্স বায়েনা। ফের্মিন লোপেস নিজে বল না ধরে ইয়ামালের জন্য ছেড়ে দেন; আর ছুটে গিয়ে বক্সের ভেতর থেকে প্রথম স্পর্শে নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন বার্সেলোনা উইঙ্গার।

এক মিনিট পর আরেকটি গোল খেতে বসে ক্রোয়েশিয়া। বায়েনার ডান পায়ের নিচু শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ।

আধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণ চালিয়ে যায় স্পেন। ২০তম মিনিটে বক্সের বাইরে থেকে পাউ কুবার্সির বুলেট গতির শট পোস্টের একটু বাইরে দিয়ে যায়।

ঘর সামলাতে ব্যস্ত থাকা ক্রোয়েশিয়া ২৮তম মিনিটে নিজেদের প্রথম উল্লেখযোগ্য আক্রমণেই সমতা ফেরায়। বাঁ দিক থেকে ইভান পেরেসিচের ক্রসে বক্সে জোরাল হেডে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোল করেন দিওন বেলিয়ো।

তবে পাল্টা জবাব দিতে বেশি সময় লাগেনি স্পেনের। ৩১তম মিনিটে আবার এগিয়ে যায় তারা। এবার গোলের জোগানদাতা ইয়ামাল। কর্নারে ফের্মিন লোপেসকে ছোট করে বল বাড়িয়ে সতীর্থের ফিরতি পাস পেয়ে বক্সে চমৎকার এক ক্রস দেন তিনি, অনেকটা লাফিয়ে হেডে বল জালে পাঠান পুবিল।

স্পেন জাতীয় দলের হয়ে ২৩ বছর বয়সি এই ডিফেন্ডারের প্রথম গোল এটি।

প্রথমার্ধের শেষ দিকে গোল পেতে পারতেন লোপেস, কিন্তু তার প্রচেষ্টা পোস্টে লাগে।

৬৩তম মিনিটে আরেকটি চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান ইয়ামাল। পেদ্রির রক্ষণচেরা পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে দুরূহ কোণ থেকে শটে কাছের পোস্ট দিয়ে জালে পাঠান তিনি।

দেশের হয়ে ৩৫ ম্যাচে ইয়ামালের গোল হলো ১০টি, অ্যাসিস্ট ১২টি।

চার মিনিট পর ইয়ামালের জায়গায় ভিক্তর মুনিয়োস ও বায়েনাকে তুলে নিকো উইলিয়ামসকে নামান স্পেন কোচ।

৭৯তম মিনিটে ব্যবধান আরও বাড়তে পারত, বক্সের বাইরে থেকে পেদ্রির জোরাল শট ঝাঁপিয়ে ঠেকান বার্সেলোনা গোলরক্ষক লিভাকোভিচ।

৮১তম মিনিটে বদলি নামানো হয় ক্রোয়েশিয়ার ৪১ বছর বয়সি তারকা লুকা মদ্রিচকে। চেকিয়ার বিপক্ষে দুর্দান্ত একটি গোল করলেও, এবার তেমন কিছু করতে পারেননি সাবেক রেয়াল মাদ্রিদ মিডফিল্ডার।

৮৯তম মিনিটে ক্রোয়াটদের কফিনে চতুর্থ পেরেক ঠুকে দেন উইলিয়ামস। মিকেল মেরিনোর পাস ধরে বক্সে ঢুকে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন তিনি। 

নিজেদের পরের ম্যাচে আগামী শনিবার ঘরের মাঠেই চেকিয়ার মুখোমুখি হবে স্পেন। একই দিন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া।