গ্রীষ্মের দলবদলে খরচ রেকর্ড ৫০০ কোটি ডলার
এই সময়ে ছেলেদের ফুটবলে ঠিকানা বদলেছেন ৯ হাজার ৭১৭ জন খেলোয়াড়।
সদ্য শেষ হওয়া গ্রীষ্মকালীন দলবদলে দেখা গেছে অর্থের ঝংকার। পুরুষদের ফুটবলে খরচের দিক থেকে যা ছাপিয়ে গেছে আগের সব রেকর্ড। ফিফার এক প্রতিবেদন অনুযায়ী, সব মিলিয়ে এবার খেলোয়াড় কেনাবেচায় ৫০০ কোটি ডলার খরচ করেছে ক্লাবগুলো।
বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা বৃহস্পতিবার ‘আন্তর্জাতিক দলবদল স্ন্যাপশট’ নামের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এর সময়কাল ধরা হয়েছে গত ১ জুন থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রতিবেদন অনুযায়ী, ছেলেদের ফুটবলে এই সময়ে ৯ হাজার ৭১৭ জন দলবদল করেছেন। যা গত গ্রীষ্মের চেয়ে ১৬.২ শতাংশ বেশি এবং সর্বকালের সর্বোচ্চ। গত গ্রীষ্মের দলবদলের চেয়ে এবার খেলোয়াড়দের পেছনে ক্লাবগুলো ২৯.৭ শতাংশ বেশি অর্থ খরচ করেছে।
সদ্য শেষ হওয়া দলবদলে বেনফিকা থেকে লিভারপুলে যোগ দেন দারউইন নুনেস। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাকে দলে পেতে প্রিমিয়ার লিগের ক্লাবটিকে সব মিলিয়ে ১০ কোটি ইউরো গুনতে হয়েছে।
গুঞ্জন রয়েছে, সমপরিমাণ অর্থের বিনিময়ে ফরাসি মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনিকে মোনাকো থেকে দলে টেনেছে রিয়াল মাদ্রিদ। একজন খেলোয়াড়ের পেছনে খরচের দিক থেকে এই দুজন আছেন যৌথভাবে শীর্ষে।
নারীদের ফুটবলে দল বদলেছেন ৬৮৪ জন খেলোয়াড়, যা ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। ২০২১ সালের তুলনায় এটি ছিল ১৪.৪ শতাংশ বেশি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রান্সফার ফি বাবদ পর্তুগিজ ক্লাবগুলো গত বছরের চেয়ে এবার তিনগুণ বেশি আয় করেছে।
দলবদলের সঙ্গে যুক্ত ক্লাব এজেন্টদের ‘সার্ভিস ফি’ হিসেবে খরচ হয়েছে চার কোটি ৪০ লাখ ইউরোর বেশি অর্থ।
প্রতিবেদন অনুযায়ী, ২০১২ থেকে ২০২২ সালের মধ্যে ১০ বছরে গ্রীষ্মের দলবদলে এজেন্টদের ফি-এর অনুপাত ৬.১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৯.৯ শতাংশ।
