২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দুর্দান্ত জয়ে তিনে ইউনাইটেড

মৌসুমে চারবারে দেখায় প্রতিবারই নটিংহ্যাম ফরেস্টকে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2023, 11:27 PM

Updated : 16 Apr 2023, 11:54 PM

ম্যাচ জুড়ে আক্রমণে রাজত্ব করল ম্যানচেস্টার ইউনাইটেড। দারুণ সব সেভে বারবার তাদের হতাশ করলেন কেইলর নাভাস। এর মাঝেই অবশ্য জালের দেখা মিলল দুবার। নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে লিগ টেবিলে তিন নম্বরে ফিরল এরিক টেন হাগের দল।

প্রতিপক্ষের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে ইউনাইটেড।

আন্তোনি ম্যানচেস্টারের দলটিকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান দিয়োগো দালোত।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চারবারের দেখায় প্রতিবারই ফরেস্টকে হারাল ইউনাইটেড।

দিনের আরেক ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে প্রথম ১০ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে গিয়েও ২-২ ড্র করেছে আর্সেনাল। এতে শিরোপা লড়াই আরও জমে উঠেছে।

৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।

সিটির সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তিনে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৬ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে নিউক্যাসল ইউনাইটেড।

ফরেস্টের বিপক্ষে ইউনাইটেডের দাপটের প্রমাণ মেলে পরিসংখ্যানেও। ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য তারা শট নেয় মোট ২২টি, যার ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে ফরেস্টের ৬ শটের একটিও লক্ষ্যে ছিল না।

অষ্টাদশ মিনিটে প্রথম বড় সুযোগ পায় ইউনাইটেড। প্রথমে আন্তোনি শট নিতে ব্যর্থ হলে আলগা বল পেয়ে যান ব্রুনো ফের্নান্দেস। পর্তুগিজ মিডফিল্ডারের হাফ-ভলি দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক নাভাস।

৩২তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয় যায় ইউনাইটেড। ফের্নান্দেসের পাসে বক্সের ভেতর থেকে অঁতনি মার্সিয়ালের শট নাভাস ফিরিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আন্তোনি।

প্রথমার্ধে ফরেস্ট সেরা সুযোগটি পায় ৪৪তম মিনিটে। ইউনাইটেড ডিফেন্ডার দালোতের ভুলে বক্সে ভালো পজিশনে বল পেয়ে উড়িয়ে মারেন নাইরেজিয়ান ফরোয়ার্ড টাইয়ো আয়োনিয়ি।

বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হারায় ইউনাইটেডও। ক্রিস্তিয়ান এরিকসেনের ক্রসে অরক্ষিত ফের্নান্দেসের হেড লক্ষ্যে থাকেনি।

৫৬তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন ফের্নান্দেস। তার বাঁকানো শট ঝাঁপিয়ে পড়া নাভাসের হাত ছুঁয়ে পোস্টে লাগে। ৭১তম মিনিটে কাসেমিরোর ক্রসে কাছ থেকে মার্সিয়ালের হেড লক্ষ্যে থাকেনি। এরপরই তাকে তুলে নেন কোচ।

পাঁচ মিনিট পর দ্বিতীয় গোল পেয়ে যায় ইউনাইটেড। আন্তোনির পাস বক্সে পেয়ে এগিয়ে আসা নাভাসকে ফাঁকি দেন দালোত।

ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে তার প্রথম গোল এটি।

লিগে এই নিয়ে টানা ১০ ম্যাচে জয়হীন রইল ফরেস্ট। ৩১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১৮ নম্বরে।