২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতীতের তিক্ত অভিজ্ঞতায় সতর্ক আনচেলত্তি

বার্সেলোনার বিপক্ষে এবার বড় পরিবর্তনের ভাবনা নেই রিয়াল মাদ্রিদ কোচের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2022, 08:12 PM

Updated : 16 Oct 2022, 12:42 AM

লা লিগায় সবশেষ ক্লাসিকোয় দলকে কিছুটা ভিন্ন ছকে খেলানোর চেষ্টা করেছিলেন রিয়াল মাদ্রিদ কোচ। এর চড়া মূল্য দিতে হয়েছিল বার্সেলোনার বিপক্ষে বড় ব্যবধানে হেরে। আবার চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগে তাই সতর্ক কার্লো আনচেলত্তি। এবার বড় কোনো পরিবর্তনের ভাবনা নেই এই ইতালিয়ান কোচের।     

গত মার্চে সান্তিয়াগো বের্নাবেউয়ে ওই ম্যাচে চোটের কারণে বাইরে ছিলেন রিয়ালের তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। কোনো স্বীকৃত স্ট্রাইকার ছাড়াই একাদশ সাজান আনচেলত্তি। মিডফিল্ডার লুকা মদ্রিচকে রাখেন আক্রমণভাগে। কাজে দেয়নি তার সেই কৌশল। ম্যাচটি তারা হেরে যায় ৪-০ গোলে। সেদিন গোলরক্ষক থিবো কোর্তোয়া ছয়টি দারুণ সেভ করায় ব্যবধান আরও বড় হয়নি। 

একই মাঠে রোববার লা লিগায় মৌসুমের প্রথম ক্লাসিকোয় মুখোমুখি হচ্ছে স্পেনের দুই জায়ান্ট। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়। আগের দিন সংবাদ সম্মেলনে হাসতে হাসতে আনচেলত্তি বলেন, এবার সবকিছু সহজ রাখার পরিকল্পনা করছেন তিনি। 

"গতবার আমি ভিন্ন কিছুর চেষ্টা করেছিলাম, আমাকে এর চড়া মূল্য দিতে হয়েছিল। তাই মনে হয় না রোববার আমরা স্বাভাবিকের বাইরে কিছু করব। আমরা সাধারণত যেমন খেলি, তেমনই খেলব। তারা দারুণ প্রতিপক্ষ এবং আমাদের সেরাটা দিতে হবে।” 

লিগে আট ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুই নম্বরে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল। 

ড্রয়ে আসর শুরুর পর টানা সাত ম্যাচ জিতেছে বার্সেলোনা। তবে চ্যাম্পিয়ন্স লিগে তাদের অবস্থা খুব বাজে। প্রথম চার ম্যাচের মধ্যে জিতেছে কেবল একটি। টানা দ্বিতীয় মৌসুমে প্রতিযোগিতাটির গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কায় আছে কাতালান দলটি। 

তবে লিগে শাভি এরনান্দেসের দলের দুর্দান্ত পারফরম্যান্সের কথা মনে করিয়ে দিয়ে আনচেলত্তি বলেন, প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না তারা।   

"লা লিগায় বার্সেলোনা তাদের প্রথম ম্যাচটি ছাড়া সবগুলি জিতেছে। চ্যাম্পিয়ন্স লিগে তাদের সমস্যা হয়েছে, কিন্তু এটি (লা লিগা) ভিন্ন একটি প্রতিযোগিতা। লা লিগায় তারা অসাধারণ খেলছে।” 

"আমরা নিজেদের খেলা উপভোগ করব, আমরা জিততে চাই। তবে (শিরোপা লড়াইয়ে) এখনও অনেক দূর যেতে হবে।” 

নিয়মিত গোলরক্ষক কোর্তোয়াকে এই ম্যাচেও পাচ্ছে না রিয়াল। দলের সবশেষ চার ম্যাচে খেলতে না পারা এই বেলজিয়ান চোট কাটিয়ে উঠেছেন বলে জানান আনচেলত্তি। তবে যথেষ্ট অনুশীলনের সুযোগ না পাওয়ায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চান না কোচ। 

আন্টোনিও রুডিগারের বার্সেলোনার বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা নেই বলে নিশ্চিত করেন আনচেলত্তি। চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার শাখতার দোনেৎস্কের বিপক্ষে এই জার্মান ডিফেন্ডারের শেষ মুহূর্তের গোলে হার এড়ায় রিয়াল। ওই হেডের সময় প্রতিপক্ষের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান তিনি। তার কপালে সেলাই পড়ে ২০টি।

পুরনো খবর:

‘বার্সার ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ ক্লাসিকো’