০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

দর্শনীয় গোলে বাংলাদেশি বংশোদ্ভুত ক্যাভিন সলিভানের আরেকটি রেকর্ড

যুক্তরাষ্ট্রের ফুটবলে রেকর্ডময় পথচলায় আরেকটি দারুণ কীর্তি গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত ১৭ বছর বয়সী এই প্রতিভাবান মিডফিল্ডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Oct 2026, 11:52 AM

Updated : 04 Oct 2026, 11:52 AM

মাঠে নামবেন আর রেকর্ড গড়বেন, এটিকেই যেন নিয়ম বানিয়ে ফেলেছেন ক্যাভিন সলিভান। যুক্তরাষ্ট্রের তুমুল প্রতিভাবান ও আলোচিত কিশোর প্রতিভা এবার গড়লেন আরও একটি কীর্তি। যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বকনিষ্ঠ গোলস্কোরার এখন বাংলাদেশি বংশোদ্ভুত এই মিডফিল্ডার।

মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে গোলটি করেন সলিভান। অ্যারিজোনার গ্লেনডলে ম্যাচটি ৩-০ গোলে জিতে নেয় যুক্তরাষ্ট্র।

ম্যাচের ৬২তম মিনিটে গোলটি করেন সুলভান। সেই গোলও ছিল দেখার মতো। মেক্সিকোর গোলকিপর রাউল রাহনেলের ভুল কাজে লাগান তিনি দর্শনীয়ভাবে।

ম্যাচের তখন ৬৩তম মিনিট চলছে। বক্সের ওপরে উঠে এসে একটি ব্যাকপাস ধরেন রাহনেল। সামনে একটু দূরে ছিলেন সলিভান। তাকে পাশ কাটিয়ে পেছনে থাকা সতীর্থকে বল দিতে চেয়েছিলেন রাহনেল। কিন্তু বল পেয়ে যান সলিভানই। বল পেয়ে সেখান থেকেই বাঁপায়ের দারুণ শটে রাহনেলের ওপর দিয়ে বল পাঠিয়ে দেন তিনি জালে।

গোল করেই বাঁধনহারা উদযাপনে মেতে ওঠেন সলিভান। তাকে ঘিরে খ্যাপাটে উদযাপন চলে সতীর্থদেরও।

১৭ বছর ৫ দিন বয়সে গোল করে রেকর্ডটি গড়লেন সলিভান। আগের রেকর্ডটি টিকতে পারল স্রেফ চার দিন! আগের ম্যাচেই ১৭ বছর ১৩১ দিন বয়সে গোল করে রেকর্ড গড়েছিলেন মাথিস অ্যালবার্ট।

এই দুজনের আগে ১৭ বছর ২৫৩ দিন বয়সে গোল করে রেকর্ডটি ছিল ক্রিস্টিয়ান পুলিসিকের।

উচ্ছ্বসিত সলিভান ম্যাচের পর টিএনটি স্পোর্টসকে বলেন, এমন কিছুর স্বপ্নই তিনি ছেলেবেলা থেকে দেখে আসছেন।

“এটা আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য মুহূর্ত এটি। এই মুহূর্তগুলোর স্বপ্নই লোকে দেখে থাকে ৩, ৪, ৫, ৬ বছর বয়স থেকে। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছি। এটা শুধু গত কয়েক ঘণ্টাযর ব্যাপার নয়, যখন আমি জানতে পারলাম যে প্রথম একাদশে সুযোগ পাচ্ছি, বরং সারা জীবন ধরেই দেখছিলাম স্বপ্ন।

আমার পরিবারের জন্য, আমার জন্য এক অবিশ্বাস্য মুহূর্ত এটা। কী যে এক সম্মান! আমি সত্যিই কৃতজ্ঞ যে কোচেরা আমার ওপর আস্থা রেখেছেন এবং আমাকে এই সুযোগটি দিয়েছেন।”

সলিভানের পরিবারের গভীরে গেলেই চলে আসে বাংলাদেশের নাম। তার নানী যুক্তরাষ্ট্রপ্রবাসি বাংলাদেশী সুলতানা আলম, যিনি মুক্তিযুদ্ধে রেখেছিলেন উল্লেখযোগ্য ভুমিকা।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে উল্লেখযোগ্য উঠতি প্রতিভা মনে করা হয় তাকে। মেজর লীগ সকারের ইতিহাসে সবচেয়ে দামী স্থানীয় খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি ২০২৪ সালে। ১৪ বছর ২৯৩ দিন বয়সে মেজর লিগ সকারে মাঠে নেমে গড়েন রেকর্ড। আমেরিকা বা কানাডার কোনো প্রধান পেশাদার ক্রীড়া লীগে অভিষিক্ত সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনি। বয়স ১৮ হলে যোগ দেবেন তিনি ম্যানচেস্টার সিটিতে। গত বছর ফিলাডেলফিয়ার সাপোর্টার্স শিল্ড জয়ে বড় অবদান ছিল এই মিডফিল্ডারের।

চলতি মৌসুমেও অসাধারণ ফর্মে আছেন তিনি। সম্প্রতি গড়েছের সবচেয়ে কম বয়সে মেজর লিগ সকারের মাসসেরা হওয়ার কীর্তি। সেপ্টেম্বর মাসে ফিলাডেলফিয়া ইউনিয়নের ৫ ম্যাচের সবকটিতে জয়ে তিনি গোল করেছেন ৪টি, সহায়তা করেছেন ৫টি।

সবশেষ টানা ৮ ম্যাচে গোল বা অ্যাসিস্ট করেছেন তিনি। মেজর লিগ সকারের ইতিহাসে আর কোনো টিনএজ ফুটবলারের এই কীর্তি নেই। মিডফিল্ডার হয়েও লিগে চলতি মৌসুমে এখনও পর্যন্ত গোল করেছেন ৭টি, অ্যাসিস্ট ১২টি। তার এই ১৯টি গোলে অবদান এক মৌসুমে কোনো টিনএজ ফুটবলারের দ্বিতীয় সর্বোচ্চ।

ক্লাবের হয়ে তার দুর্দান্ত ফর্মের পথ ধরে সম্প্রতি তিনি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পান। পেরুর বিপক্ষে ৪-১ গোলের জয়ে তার অভিষেক হয়। যুক্তরাষ্ট্রের হয়ে শুরুর একাদশে জায়গা পাওয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার তিনি। পরে চিলির বিপক্ষে ৪-২ গোলের জয়ের ম্যাচেও মাঠে নামেন।

মেক্সিকোর বিপক্ষে সলিভারের রেকর্ড গড়া গোলটি ছিল দলের দ্বিতীয় গোল। প্রথমার্ধে দলকে এগিয়ে দেন জুলিয়ান হল। সেটিও ছিল মেক্সিকোর গোলকিপার রাহনেলের ভুলে পাওয়া উপহার।

ফুলব্যাক অ্যালেক্স ফ্রিম্যান আক্রমণে এগিয়ে যান এবং পেনাল্টি এলাকার ডানদিকে দ্রুতগতিতে ছুটে আসা জিও রেইনাকে খুঁজে পান। পাস পেয়ে কাছের পোস্টে একটি নিচু ক্রস করেন রেইনা। রাহনেল বলটি ধরতে গিয়ে উল্টো ঠেলে দেন ওঁত পেতে থাকা হলের দিকে। তিনি কাছ থেকে প্রথম স্পর্শেই ভলিতে ফাঁকা জালে বল জড়িয়ে দেন।

পরে সলিভানের গোলে বাড়ে ব্যবধান। ৮৪তম মিনিটে গোল করেন মালিক টিলম্যান।

ক্যাভিনের বড় ভাই ২২ বছর বয়সী কুইন সলিভান ফিলাডেলফিয়ার হয়েই খেলছেন ২০২১ সাল থেকে। যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন এই উইঙ্গার।

তাদের অন্য দুই ভাই রোনান ও ডেক্লান সলিভান জাতীয় দলে খেলতে চান বাংলাদেশের হয়ে। গত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করে নজর কাড়েন রোনান।