২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতের ডাক না পাওয়ার কষ্ট ভুলে আরও পরিশ্রম করছেন জেসুস

কাতার বিশ্বকাপের দলে জায়গা পেতে মরিয়া আর্সেনালের এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2022, 04:39 PM

Updated : 01 Oct 2022, 04:39 PM

ক্লাবের হয়ে চলতি মৌসুমে দারুণ শুরুর পরও ব্রাজিল জাতীয় দলে ডাক না পাওয়ায় বড় ধাক্কা খান গাব্রিয়েল জেসুস। তবে দ্রুত নিজেকে সামলে নেন তিনি। হাল না ছেড়ে, বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার লক্ষ্যে তার আরও বেশি পরিশ্রম করার কথা জানালেন আর্সেনালের কোচ মিকেল আর্তেতা।

গত জুলাইয়ে ম্যানচেস্টার সিটি ছেড়ে আর্সেনালে যোগ দেওয়ার পর থেকে দলটির জার্সিতে সময়টা বেশ ভালো কাটছে জেসুসের। প্রাক-মৌসুমে সাত গোল করা স্ট্রাইকার ২০২২-২৩ মৌসুমের প্রথম মাস অগাস্টেও প্রতিপক্ষের গোলমুখে ছিলেন সফল, পাঁচ ম্যাচে করেন তিন গোল।

তারপরও সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচের জন্য তাকে ছাড়াই দল গঠন করেন ব্রাজিল কোচ তিতে। এতে কষ্ট পেলেও জেসুস হার মেনে নেওয়ার পাত্র নন বলে মনে করেন আর্সেনাল কোচ।

প্রিমিয়ার লিগে শনিবার ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল। ১ পয়েন্ট কম নিয়ে তিনে টটেনহ্যাম। আগের দিন সংবাদ সম্মেলনে ব্রাজিল দলে জেসুসের ডাক না পাওয়ার বিষয়টি উঠলে তার দৃঢ় মনোবলের প্রশংসা করেন আর্তেতা।

“সে অবিশ্বাস্য রকমের বিনয়ী। সে (ব্রাজিল কোচের) সিদ্ধান্ত মেনে নিয়েছে এবং যেভাবে মাঝে অনুশীলন করেছে, বিষয়টা এমন যেন: ‘ওকে, আমাকে উন্নতি করতে হবে, আরও পরিশ্রম করতে হবে। আমি সত্যিই ওখানে (বিশ্বকাপে) থাকতে চাই, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া এবং অনেক বড় সুযোগও। আর লক্ষ্য ছুঁতে আমি ঠিক জায়গাতেই আছি।‘ আমি মনে করি, মাঠে আবারও আমরা তার ওই রূপটা দেখতে পারব।“

দারুণ প্রতিভাবান হওয়ার পরও জাতীয় দলে কখনও ধারাবাহিক হতে পারেননি জেসুস। রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়া ব্রাজিলের পাঁচ ম্যাচের সবকটিতে খেলেও জালের দেখা পাননি তিনি।

২০১৬ সালে আন্তজাতিক ফুটবলে অভিষেকের পর থেকে জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৫৬ ম্যাচ খেলে ১৯টি গোল করেছেন জেসুস। চার বছর আগের হতাশা ভুলতে এবার কাতার বিশ্বকাপে দলে জায়গা পেতে মরিয়া ২৫ বছর বয়সী ফরোয়ার্ড।