ভারতকে আটকাতে পারেনি পাকিস্তানের মেয়েরা
সাফ চ্যাম্পিয়নশিপে অনুমিতভাবেই শক্তিশালী ভারতের কাছে হেরেছে আট বছর পর ফুটবলে ফেরা পাকিস্তানের মেয়েরা।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথে ভারতের জয়ের পাল্লা আগে থেকেই ভারি। কৌতুহল ছিল ২০১৪ সালের পর প্রথমবার আন্তর্জাতিক ফুটবল খেলতে নামা পাকিস্তানের মেয়েদের খেলা নিয়ে। ফেরার ম্যাচে আহামরি কিছু করতে পারেননি তারা। সাফ চ্যাম্পিয়নশিপের পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের কাছে হেরেছে অনুমিতভাবেই।
নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার ‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ৩-০ গোলে হারায় ভারত। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান ভারত অধিনায়ক দাঙ্গমেই গ্রেস। অন্য গোলটি সোমিয়া গাগুলোথের।
অভ্যন্তরীণ সমস্যা ও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে দীর্ঘদিন দফায় দফায় পাকিস্তান ফুটবল ফেডারেশনের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। গত জুনে সে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় তাদের সাফে খেলার পথ খোলে।
পঞ্চদশ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন পাকিস্তান অধিনায়ক মারিয়া জামিল খান। সান্ধিয়া রঙ্গানাথানের ক্রসে গোলরক্ষক ঝাঁপিয়ে আটকেছিলেন, কিন্তু গ্লাভসে জমাতে পারেননি। বল সামনে থাকা মারিয়ার পায়ে লেগে জালে জড়ায়।
২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভারত। আঞ্জু তামাংয়ের রক্ষণ চেরা পাস খুঁজে নেয় বক্সে ফাঁকায় থাকা গ্রেসকে; সুযোগ কাজে লাগাতে ভুল করেননি ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের অনেকটা সময় ভারতকে আটকে রাখতে সক্ষম হয় পাকিস্তান। এ অর্ধের যোগ করা সময়ে তৃতীয় গোলটি হজম করে তারা।
