১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পিএসজির প্রথম ম্যাচে দলের বাইরে নেইমার-এমবাপে

লরিয়ঁ ম্যাচের জন্য লুইস এনরিকের স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ মিডফিল্ডার মার্কো ভেরাত্তিরও।

পিএসজির প্রথম ম্যাচে দলের বাইরে নেইমার-এমবাপে

নেইমার (বাঁয়ে) ও কিলিয়ান এমবাপে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2023, 06:22 PM

Updated : 12 Aug 2023, 06:26 PM

নতুন মৌসুমের শুরুর দিকে পিএসজির স্কোয়াডে কিলিয়ান এমবাপের না থাকা একপ্রকার নিশ্চিতই ছিল। তার পাশাপাশি লিগ ওয়ানে লরিয়ঁ ম্যাচের জন্য দল থেকে বাদ পড়লেন তারকা ফরোয়ার্ড নেইমার ও মিডফিল্ডার মার্কো ভেরাত্তিও।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় মাঠে নামবে পিএসজি। এই ম্যাচের জন্য ২০ জনের স্কোয়াড ঘোষণা করেছেন লুইস এনরিকে।

২০২৪ সালের জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এমবাপের। ক্লাবটির ইচ্ছা তিনি যেন চুক্তি নবায়ন করেন। অন্যথায় ক্লাব ছেড়ে দেন এই গ্রীষ্মের দলবদলেই। তবে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার শুরু থেকেই বলে আসছেন যে, কোনোভাবেই এবার দল ছাড়তে চান না তিনি। খেলতে চান মেয়াদের শেষ পর্যন্ত। গত গ্রীষ্মে এমবাপেকে দলে টানার জোর চেষ্টা চালানো রেয়াল মাদ্রিদের নাম এই দফায়ও আসছে। তবে এই তারকার জন্য এখন পর্যন্ত কোনো প্রস্তাব পাঠায়নি।

এই পরিস্থিতিতে প্রাক-মৌসুম প্রস্তুতিতে এমবাপেকে মূল দলের বাইরে রাখে পিএসজি। তিনি অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্লাবটির ‘অবাঞ্চিত’ খেলোয়াড়দের সঙ্গে। যেখানে তার সঙ্গে আছেন ভেরাত্তিও। এই ইতালিয়ানকেও ছেড়ে দিতে চায় প্যারিসের ক্লাবটি।

নেইমারের বিষয়টি একটু ভিন্ন। সম্প্রতি অনেকটা আচমকাই সংবাদমাধ্যমে খবর আসে, এই দলবদলে ঠিকানা বদলের বিষয়টি পিএসজিকে জানিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। গুঞ্জন রয়েছে, এই ফরোয়ার্ড আবার ফিরতে চান সাবেক ক্লাব বার্সেলোনায়। কাতালান ক্লাবটিও নাকি তাকে দলে ভেড়াতে আগ্রহী। ফলে তাকেও দলের বাইরে রেখেছেন এনরিকে।

স্কোয়াডে রাখা হয়েছে চলতি দলবদলে পিএসজিতে যোগ দেওয়া ডিফেন্ডার লুকা এরনঁদেজ, অ্যাটাকিং মিডফিল্ডার মার্কো আসেন্সিও ও স্ট্রাইকার গনসালো রামোসকে।