২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রদ্রিগোর এখন মাঠে দেখানোর পালা, বললেন আনচেলত্তি

কার্লো আনচেলত্তির কাছে রদ্রিগো রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন।

রদ্রিগোর এখন মাঠে দেখানোর পালা, বললেন আনচেলত্তি

রিয়াল বেতিসের বিপক্ষে জয়সূচক গোলের পর রদ্রিগো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 08:10 PM

Updated : 04 Sep 2022, 08:44 PM

সান্তোসে আলো ছড়িয়ে তিন বছর আগে রিয়াল মাদ্রিদে পাড়ি দেওয়া রদ্রিগোর এখানে শুরুর সময়টা তেমন ভালো কাটেনি। তবে তাকে নিয়ে হাল ছাড়েনি দল, চেষ্টা করে গেছেন তিনি নিজেও। অবশেষে সুফল মিলতে শুরু করেছে। গত মৌসুমে দলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তরুণ এই ফরোয়ার্ড এ মৌসুমেও আশানুরূপ শুরু পেয়েছেন। তাকে নিয়ে কোচ কার্লো আনচেলত্তিও দারুণ খুশি।

রিয়াল বেতিস ম্যাচে ব্যবধান গড়ে দেওয়া ব্রাজিলিয়ান উইঙ্গারের পারফরম্যান্সের প্রশংসা করে আনচেলত্তি তাকাচ্ছেন সামনে। বললেন, এতদিনের শিক্ষা মাঠের ফুটবলে ফুটিয়ে তোলাই রদ্রিগোর এখন মূল চ্যালেঞ্জ।

লা লিগায় গত শনিবার নিজেদের মাঠে দুই ব্রাজিলিয়ানের গোলে রিয়াল বেতিসকে ২-১ ব্যবধানে হারায় স্পেনের সফলতম দলটি। ভিনিসিউস জুনিয়র দলকে এগিয়ে নেওয়ার পরপরই সমতা টানে সফরকারীরা। পরে জয়সূচক গোলটি করেন রদ্রিগো।

২১ বছর বয়সী এই ফুটবলারের আপন আলোয় উদ্ভাসিত হওয়ার শুরুটা হয়েছে মূলত গত মৌসুমে।

অবিশ্বাস্য কয়েকটি প্রত্যাবর্তনের গল্প লিখে ২০২১-২২ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে রিয়াল। সেই পথচলায় কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালে মূল নায়ক করিম বেনজেমা হলে পার্শ্ব-নায়ক ছিলেন রদ্রিগো।

শেষ আটে চেলসির মাঠে বেনজেমার হ্যাটট্রিকে রিয়াল জিতলেও ফিরতি পর্বে ৩-০ গোলে পিছিয়ে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে চলে গিয়েছিল তারা। সেই সময় বদলি নেমে গোল করে পথ দেখান রদ্রিগো, পরে বেনজেমার লক্ষ্যভেদে পরের ধাপে ওঠে তারা।

আর শেষ চারে রদ্রিগোর অবদান আরও বড়। দুই লেগের হিসাবে বাদ পড়ার কয়েক মিনিট দূরত্বে ছিল মাদ্রিদের দলটি। সেখানেও বদলি নেমে দুই মিনিটে দুই গোল করে দলকে পথে ফেরান রদ্রিগো।

দুর্দান্ত ওই অধ্যায়ের পর চলতি মৌসুমে শনিবার প্রথম জালের দেখা পেলেন রদ্রিগো। তার কাছে কোচের চাওয়া এখন অনেক বেশি। ম্যাচের পর শিষ্যকে সেটা জানিয়েও দিলেন তিনি।

“রদ্রিগোর শেখার সময় শেষ। এখন সব লক্ষ্যেই সে রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়।“

পছন্দের পজিশন রাইট উইং হলেও রদ্রিগো খেলতে পারেন লেফট উইঙ্গার হিসেবেও। দলের প্রয়োজনে দায়িত্ব নিতে পারেন অন্য পজিশনেও। তার এমন দক্ষতায়ও মুগ্ধ আনচেলত্তি।

“সে একজন বিশেষ স্ট্রাইকার, খেলতে পারে সব পজিশনে। সে ক্ষীপ্র, বুদ্ধিমান এবং ওয়ান অন ওয়ানে কার্যকরী।”