আয়ারল্যান্ড দলে ডিফেন্ডার যখন গোলরক্ষক
ইসরায়েলের বিপক্ষে ম্যাচের জন্য ডিফেন্ডার জিমি ডানকে দলের তৃতীয় গোলরক্ষক হিসেবে তালিকাভুক্ত করতে বাধ্য হয়েছে আয়ারল্যান্ড।
তিন গোলরক্ষকের একজন নিজেকে সরিয়ে নিয়েছেন দল থেকে। তাই ইসরায়েলের বিপক্ষে ম্যাচের জন্য ডিফেন্ডার জিমি ডানকে দলের রিজার্ভ গোলরক্ষক হিসেবে তালিকাভুক্ত করেছে রিপাবলিক অব আয়ারল্যান্ড।
হাঙ্গেরির ডেব্রাসেনে রোববার বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় শুরু হবে উয়েফা নেশন্স লিগের ম্যাচটি।
গাজায় ইসরায়েলের কয়েক বছর ধরে হামলার প্রতিবাদে গোলরক্ষক গ্যাভিন বাজুনু দল থেকে সরে দাঁড়ানোর পর ডানের পজিশন পরিবর্তনের বিষয়টি সামনে এসেছে।
উয়েফার নিয়ম অনুযায়ী, নেশন্স লিগের ম্যাচগুলোর জন্য দলগুলোকে তিন জন গোলরক্ষকের নাম নিবন্ধন করতে হয়।
ইসরায়েলের বিপক্ষে ম্যাচটি বয়কট করা হবে কি না, তা নিয়ে আইরিশ দলের মধ্যে শুক্রবার থেকে দীর্ঘ আলোচনা হয়। এমনকি শনিবার আয়ারল্যান্ড তাদের নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করে এবং অনুশীলন সেশনও বিলম্বিত হয়। শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ খেলোয়াড় ম্যাচটি খেলার পক্ষে ভোট দেন।
গত ফেব্রুয়ারিতে নেশন্স লিগের ড্রয়ে এই দুই দলের মুখোমুখি হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই তাদের ম্যাচ আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল; কারণ গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে সোচ্চার সমালোচকদের একটি আয়ারল্যান্ড। ইসরায়েলের বিপক্ষে ম্যাচ না খেলার দাবিতে আয়ারল্যান্ডে বহুবার বিক্ষোভ হয়েছে।
