২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড ছেড়ে জার্মানিকে বেছে নিয়ে অনুতপ্ত নন মুসিয়ালা

জার্মানির প্রতিনিধিত্ব করতে পেরে খুব খুশি বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2022, 05:34 PM

Updated : 26 Sep 2022, 08:08 PM

জন্ম জার্মানিতে হলেও শৈশবের অনেকটা সময় ইংল্যান্ডে কাটান জামাল মুসিয়ালা। বয়সভিত্তিক ফুটবলে খেলেন ইংল্যান্ডের জার্সি গায়ে চাপিয়ে। দেশটির জাতীয় দলেও তার ডাক পাওয়া ছিল সময়ের ব্যাপার। পরে অবশ্য জার্মানির প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন তিনি। নেশন্স লিগে ইংল্যান্ড-জার্মানি ম্যাচের আগে নতুন করে আলোচনায় মুসিয়ালার ইংল্যান্ড ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত। তরুণ মিডফিল্ডারের মনে অবশ্য তা নিয়ে কোনো আক্ষেপ নেই। 

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫ থেকে শুরু করে দেশটির অনূর্ধ্ব-২১ দলেও খেলেছেন মুসিয়ালা। বয়সিভিত্তিক পর্যায়ের ইংলিশদের নেতৃত্বও দিয়েছেন তিনি। ক্লাব পর্যায়ে ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত ছিলেন চেলসির যুব দলে। 

এরপর ২০১৯ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেন মুসিয়ালা। ক্লাবের সঙ্গে পরবর্তীতে বদলে ফেলেন জাতীয় দলের ঠিকানাও। ইংল্যান্ডকে বাদ দিয়ে জার্মানির হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। ২০১৪ বিশ্ব চ্যাম্পিয়নদের জাতীয় দলে গত বছর অভিষেক হয় মুসিয়ালার। 

অভিষেকের পর দ্রুতই কোচের আস্থা অর্জন করেছেন তিনি। জার্মানির জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১৬টি ম্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের আগের দিন মুসিয়ালা বলেছেন, ম্যাচটি খেলতে মুখিয়ে আছেন তিনি। 

“এখানে ইংল্যান্ডে আসতে পেরে ভালো লাগছে। আমি খুব অনুপ্রাণিত। ইংল্যান্ড খুব শক্তিশালী দল এবং (ইংল্যান্ডের সঙ্গে) আমার অতীতের কারণে এই ম্যাচ খেলতে উদগ্রীব হয়ে আছি।” 

“এটা সহজ সিদ্ধান্ত ছিল না এবং আমি এটি নিয়ে দীর্ঘ সময় ধরে ভেবেছিলাম। শেষ পর্যন্ত পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তটি নিয়েছিলাম এবং আমি এতে খুব খুশি। কিছু ইংল্যান্ড সমর্থক নিশ্চিতভাবে আমার সিদ্ধান্তে খুশি নয়। এর অর্থ হলো, আমি ভালো খেলি।” 

ইংল্যান্ড ও জার্মানির ম্যাচ হবে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে। মুসিয়ালার স্মৃতিতে ফিরে আসছে এই মাঠকে ঘিরে তার শৈশবের দিনগুলোর কথা। 

“আমি ঠিক কতবার ওয়েম্বলিতে খেলেছি, তা আমার জানা নেই। আগে আমি এখানে স্কুল টুর্নামেন্টে খেলেছি এবং দুইবার ফাইনালও খেলেছি। ওয়েম্বলির আবহ সবসময়ই দুর্দান্ত।” 

সংবাদ সম্মেলনে মুসিয়ালার সঙ্গে ছিলেন জার্মানি কোচ হান্স ফ্লিক। তিনি নিশ্চিত করেন, ইংল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে রাখা হবে ১৯ বছর বয়সী এই ফুটবলারকে। 

“সে যখন প্রথমবার অনুশীলনে অংশ নিল, তখনই বুঝতে পেরেছিলাম কতটা প্রতিভাবান সে। তার উন্নতির ধারা দুর্দান্ত। সে জার্মানির হয়ে খেলায় আমি খুশি।” 

নেশন্স লিগের চলতি আসরে ইংল্যান্ডের পারফরম্যান্স ভীষণ বাজে। পাঁচ ম্যাচ খেলে তিনটিতেই হারা দলটি দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে আছে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের তলানিতে। তাদের ‘বি’ লিগে নেমে যাওয়াও নিশ্চিত হয়ে গেছে। 

অবশ্য জার্মানির সাম্প্রতিক পারফরম্যান্সও খুব ভালো নয়। গত শুক্রবার হাঙ্গেরির বিপক্ষে হেরে ফাইনালসে ওঠার আশা শেষ হয়ে গেছে তাদের। সমান ম্যাচে এক জয় ও তিন ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা।