২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অনুশীলনের ফল পেয়ে খুশি হায়ান, দিলেন জয়ের প্রতিশ্রুতি

প্রথম ম‍্যাচের হতাশা ভুলে জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করতে চায়।

অনুশীলনের ফল পেয়ে খুশি হায়ান, দিলেন জয়ের প্রতিশ্রুতি

যোগ করা সময়ের গোল উদযাপন করছেন হায়ান। ছবি: সিবিএফ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 04:33 PM

Updated : 26 Sep 2026, 04:33 PM

‘বিশ্বকাপের পরেও ব্রাজিলের সেই পুরনো রূপ’, অস্ট্রেলিয়ার সফরে তাদের প্রথম ম্যাচের সাদামাটা পারফরম্যান্স এবং ফিনিশিংয়ের দুর্বলতা দেখলে এমনটা বলাই যায়। তবে তাতে খুব বেশি হতাশ না হয়ে, পরের ম্যাচে ভালো করার প্রতিশ্রুতি দিলেন দলটির ফরোয়ার্ড হায়ান।

টাউন্সভিলে শুক্রবার প্রথম প্রীতি ম্যাচে হায়ানের শেষ মুহূর্তের গোলেই হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারে ব্রাজিল। জোরাল হেডে গোলটি করেন বোর্নমাউথের এই উইঙ্গার।

ম্যাচের প্রায় পুরোটা সময়েই ব্রাজিলের পারফরম্যান্সের সবচেয়ে বড় ঘাটতি দেখা যায় বোঝাপড়ায়। রক্ষণের সঙ্গে মাঝমাঠ আর মিডফিল্ডারদের সঙ্গে আক্রমণভাগের যেন কোনো সংযোগই ছিল না।

ম্যাচের পর কোচ কার্লো আনচেলত্তি অবশ্য অত গভীরে না গিয়ে, ফিনিশিংয়ের দুর্বলতার কথাই সামনে আনেন। হায়ানও অল্প কথায় সমস্যা তুলে ধরলেন, সেই সঙ্গে শোনালেন ফিরতি লড়াইয়েই জয়ের আশাবাদ।

“আমরা হারার জন্য মাঠে নামি না, জয়ের জন্যই খেলি। তবে আজ সেটা সম্ভব হয়নি। তাদের বিপক্ষে আমাদের আরেকটি ম্যাচ আছে এবং সেদিন আমরা জয়ের চেষ্টা করব।”

জাতীয় দলের হয়ে সাত ম্যাচে দুই গোল করলেন হায়ান। সেট পিসের অনুশীলন করে ম্যাচে এর ফল পেয়ে খুব খুশি তিনি।

“দুই দিন আগে আমরা সেট পিসের অনুশীলন করেছিলাম। অনুশীলনে আমি ভালো করেছিলাম এবং আজ (শুক্রবার) গোল করলাম। এই সুযোগ পাওয়ায় আমি কেবল সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতেই পারি।”

আগামী মঙ্গলবার ফের মুখোমুখি হবে দল দুটি। ব্রিজবেনে বিকাল চারটায় শুরু হবে ম্যাচটি।