২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহর গোলে সিটিকে হারাল লিভারপুল

এবারের প্রিমিয়ার লিগে প্রথম হারের স্বাদ পেল পেপ গুয়ার্দিওলার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2022, 11:32 PM

Updated : 17 Oct 2022, 02:44 AM

আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জুড়ে ছড়াল তুমুল উত্তেজনা। দুই দলই হাতছাড়া করল অসংখ্য সুযোগ। এর মাঝেই জালের দেখা পেলেন মোহামেদ সালাহ। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে প্রিমিয়ার লিগে জয়ের পথে ফিরল লিভারপুল।

ঘরের মাঠ অ্যানফিল্ডে রোববার হাইভোল্টেজ ম্যাচটি ১-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল।

লিগে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল লিভারপুল। আর আসরে প্রথম হারের তেতো স্বাদ পেল গত দুইবারের চ্যাম্পিয়ন সিটি।

চলতি মৌসুমে সিটির বিপক্ষে দুইবারের দেখায় দুটিই জিতল লিভারপুল। পেপ গুয়ার্দিওলার দলকে হারিয়ে কমিউনিটি শিল্ড জয়ের মধ্য দিয়ে মৌসুম শুরুর পর যেন উল্টো রথে ছুটছিল তারা। একের পর এক ব্যর্থতায় লিগে নেমে গিয়েছিল পয়েন্ট তালিকার ১০ নম্বরে।

টানা দুই ড্রয়ের পর গত রাউন্ডে আর্সেনালের মাঠে ৩-২ গোলে হেরেছিল লিভারপুল। এরপর চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার রেঞ্জার্সকে ৭-১ গোলে উড়িয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে তারা। সেই ম্যাচে প্রতিযোগিতাটির ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়া সালাহ এবার লিগে দলকে এনে দিলেন খুব গুরুত্বপূর্ণ জয়।

চ্যাম্পিয়ন্স লিগে গত সপ্তাহে কোপেনহেগেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল সিটি। ওই ম্যাচে বিশ্রামে থাকা আর্লিং হলান্ড এ দিন লিভারপুলের বিপক্ষে ছিলের নিজের ছায়া হয়ে। বেশ কয়েকটি সুযোগ হারান তরুণ এই তারকা।

চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ম্যাচ থেকে দুই দলই একাদশে পাঁচটি পরিবর্তন এনে খেলতে নামে। পঞ্চদশ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় সিটি। ডি-বক্সের বাইরে থেকে ইলকাই গিনদোয়ানের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক আলিসন।

২১তম মিনিটে দারুণ সুযোগ আসে লিভারপুলের দিয়োগো জটার সামনে। হার্ভে এলিয়টের ক্রসে গোলরক্ষক বরাবর হেড করেন পর্তুগিজ ফরোয়ার্ড। এক মিনিট পর ডান দিক থেকে জেমস মিলনারের দারুণ ক্রস এগিয়ে এসে পাঞ্চ করেন এদেরসন। ফিরতি বল উড়িয়ে মারেন অ্যান্ড্রু রবার্টসন।

৩৩তম মিনিটে লক্ষ্যে নিজের প্রথম শট নেন হলান্ড। তার চিপ শট রুখে দেন আলিসন। দুই মিনিট পর নরওয়ের তারকার হেড উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

সিটির জার্সিতে প্রথম ১৩ ম্যাচে ২০ গোল করা হলান্ড বিরতির আগে আরেকটি সুযোগ নষ্ট করেন। কেভিন ডে ব্রুইনের ক্রসে এবার গোলরক্ষক বরাবর হেড করেন তিনি।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে সুবর্ণ সুযোগ পেয়ে যান সালাহ। রবের্তো ফিরমিনোর থ্রু বলে মিশরীয় ফরোয়ার্ডের সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক, তবে এগিয়ে এসে সালাহর প্রচেষ্টা দারুণভাবে ব্যর্থ করে দেন এদেরসন।

৫৫তম মিনিটে লিভারপুলের জালে বল পাঠিয়ে সতীর্থদের সঙ্গে উৎসবে মাতেন ফিল ফোডেন। তবে আক্রমণের শুরুতে হলান্ড লিভারপুলের ফাবিনিয়োকে ফাউল করায় ভিএআরের সাহায্যে গোল দেননি রেফারি। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান গুয়ার্দিওলা।

পরের মিনিটে আরেকটি সুযোগ পায় লিভারপুল। সালাহর ক্রসে কাছ থেকে জটার হেড উড়ে যায় ক্রসবারের সামান্য ওপর দিয়ে।

৬৪তম মিনিটে দারুণ সেভে জাল অক্ষত রাখেন আলিসন। হলান্ডের বাঁ পায়ের শট এক হাতে রুখে দেন তিনি।

৭৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পায় লিভারপুল। যে গোলে অ্যাসিস্ট গোলরক্ষক আলিসনের! প্রতিপক্ষের ফ্রি-কিকে বল ধরে দ্রুতই লম্বা করে বাড়ান এই ব্রাজিলিয়ান। মাঝমাঠে সালাহকে ট্যাকল করতে গিয়ে ব্যর্থ হন জোয়াও কানসেলো। বল নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে গিয়ে বক্সে ঢুকে এদেরসনকে পরাস্ত করেন সালাহ।

নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে টাচলাইন থেকে বহিষ্কার হন ক্লপ। শেষ দিকে দুই দল সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।

১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। এক ম্যাচ কম খেলে তিন জয় ও চার ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠেছে লিভারপুল।

দিনের আরেক ম্যাচে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

সিটির সমান পয়েন্ট নিয়ে তিনে আছে টটেনহ্যাম হটস্পার।

অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারানো চেলসি ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চারে আছে। নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করা ম্যানচেস্টার ইউনাইটেড সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে।