Published : 10 Aug 2025, 11:06 AM
গত মৌসুমে অনেক চেষ্টা করেও ইনিগো মার্তিনেসকে পায়নি আল নাস্র। এবার তারা ঠিকই সফল হলো। বার্সেলোনা ছেড়ে সৌদি প্রো লিগের দলে যোগ দিলেন স্প্যানিশ এই ডিফেন্ডার।
গত কিছুদিনের নানা খবরে অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল, বার্সেলোনা ছেড়ে ক্রিস্তিয়ানো রোনালদোর দলে যোগ দিচ্ছেন মার্তিনেস। আল নাস্র সেটিরই আনুষ্ঠানিক ঘোষণা দিল শনিবার।
৩৪ বছর বয়সী ডিফেন্ডারকে ফ্রি এজেন্ট হিসেবেই পেয়েছে আল নাস্র। এই সেন্টার-ব্যাকের সঙ্গে সৌদি আরবের ক্লাবটির চুক্তি স্রেফ এক বছরের। তবে আরও এক বছর বাড়ানোর পথ খোলা রাখা হয়েছে চুক্তিতে।
মার্তিনেসের এই সিদ্ধান্ত নিয়ে আলোচনার ঝড় তেমন না উঠলেও তার চলে যাওয়া খানিকটা বিস্ময়করই। গত মৌসুমে বার্সেলোনার নিয়মিত ফুটবলারদের একজন ছিলেন তিনি। সেন্ট্রাল ডিফেন্সে পাউ কুবার্সির সঙ্গে তার জমাট জুটির বড় ভূমিকা ছিল ক্লাবের লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৪৬টি ম্যাচ খেলেছিলেন তিনি।
রেয়াল সোসিয়েদাদের একাডেমি থকে উঠে আসা মার্তিনেস এই ক্লাবের মূল দলের হয়েই খেলেন ৯ বছর। ২০১৮ সালে তিনি পাড়ি জমান আথলেতিক বিলবাওয়ে। সেখানে পাঁচ বছর খেলে ২০২৩ সালে যোগ দেন বার্সেলোনায়।
কাতালান ক্লাবটিতে দুই মৌসুমে ৭১ ম্যাচ খেলেন তিনি, এর ৬১টিতে ছিলেন শুরুর একাদশে। রক্ষণ সামলানোর পাশাপাশি বার্সেলোনার জার্সিতে গোল করেছেন তিনটি, সহায়তা করেছেন পাঁচ গোলে।
গত মৌসুমেও মার্তিনেসকে পেতে উঠেপড়ে লেগেছিল আল নাস্র। তার জন্য আকর্ষণীয় অঙ্কের প্রস্তাবের খবর জানিয়েছিল ইএসপিএন। সেবার তাকে বার্সেলোনায় থেকে যেতে রাজি করিয়েছিলেন ক্লাবের ক্রীড়া পরিচালক ডেকো। এবার তিনি সাড়া দিলেন সৌদি ক্লাবটির ডাকে।
মার্তিনেসের আগে চেলসি থেকে পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সকে দলে যোগ করেছে আল নাস্র। গতবার লিগে তৃতীয় হওয়া দলটি শিরোপা জয়ের আশায় কোচ করে এনেছে অভিজ্ঞ হোর্সে জেসুসকে।