রেয়াল মাদ্রিদ ম্যাচ নিয়ে আপাতত ভাবতেই চান না সিমেওনে
আতলেতিকো মাদ্রিদ কোচের সব মনোযোগ কেবল কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে গেতাফের বিপক্ষে ম্যাচের দিকে।
লা লিগার সবশেষ রাউন্ডে দুই রকম অভিজ্ঞতা হয়েছে মাদ্রিদের দুই দলের। আতলেতিকো মাদ্রিদের জয়ের পর হেরেছে রেয়াল মাদ্রিদ। এতে তালিকায় শীর্ষ দুটি দলের মধ্যে ব্যবধানে নেমে এসেছে এক পয়েন্টে। পরের রাউন্ডে নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জিতে শীর্ষে ওঠার হাতছানি আতলেতিকোর সামনে। তবে ডার্বি নিয়ে এখনই ভাবছেন না দলটির কোচ দিয়েগো সিমেওনে। তার সব মনোযোগ কেবল কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে গেতাফের বিপক্ষে ম্যাচের দিকে।
লা লিগায় গেতাফে আছে ১৪তম স্থানে, অবনমন অঞ্চল থেকে ৩ পয়েন্ট ওপরে। তবে এই বছরে এখনও কোনো ম্যাচ তারা হারেনি। তাদের ছয় ম্যাচের অপরাজেয় পথচলায় আছে বার্সেলোনার সঙ্গে ১-১ ড্র ম্যাচও।
কোপা দে রের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার ঘরের মাঠে গেতাফের মুখোমুখি হবে আতলেতিকো। এরপর আগামী শনিবার লা লিগায় রেয়ালের মাঠে খেলবে তারা। সোমবার সংবাদ সম্মেলনে সিমেওনে বললেন, বেশি দূরে তাকাচ্ছেন না তারা।
“আমরা ম্যাচ বাই ম্যাচ, প্রতিটি দিন ধরে খেলি। আগামীকালের (মঙ্গলবার) ম্যাচ ছাড়া আর কোনো ভাবনা আমাদের নেই।”
“সবশেষ কয়েক ম্যাচে তারা (গেতাফে) খেলেছে রেয়াল সোসিয়েদাদ, বার্সেলোনা ও সেভিয়ার সঙ্গে। তারা জানে, কিসের জন্য তারা খেলছে। আর যখন একটি দল জানে যে, তারা কিসের জন্য খেলছে, তখন তারা বিপজ্জনক (প্রতিপক্ষের জন্য)।”
২০১১ সালের পর থেকে আতলেতিকোকে হারাতে পারেনি গেতাফে। তবে গত ডিসেম্বরে দুই দলের সবশেষ দেখায় লিগে ১-০ গোলের জয় পেতে অনেক ঘাম ঝরাতে হয়েছিল আতলেতিকোকে।
লা লিগায় ২২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে রেয়াল শীর্ষে, ৪৮ পয়েন্ট নিয়ে আতলেতিকো দুইয়ে, ৪৫ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তিনে আছে।
