১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হয়লুনের জোড়া গোলে ইন্টারকে টপকে গেল নাপোলি

সেরি আর শিরোপা দৌড়ে জমজমাট লড়াই চলছেই।

হয়লুনের জোড়া গোলে ইন্টারকে টপকে গেল নাপোলি
জোড়া গোলে নাপোলির জয়ের নায়ক গাসমুস হয়লুন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 11:36 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

আগের রাউন্ডে হয়েছিল ছন্দপতন। সেই হারের ধাক্কা সামলে জয়ের পথে ফিরল নাপোলি। ক্রেমোনেসকে হারিয়ে লিগ টেবিলেও এক ধাপ এগোলো দলটি।

সেরি আয় প্রতিপক্ষের মাঠে রোববার ২-০ গোলে জিতেছে আন্তোনিও কন্তের দল। প্রথমার্ধেই গোল দুটি করেন গাসমুস হয়লুন।

দুটি গোলেই কিছুটা ভাগ্যের ছোঁয়া পান হয়লুন। ত্রয়োদশ মিনিটে প্রতিপক্ষের গায়ে লেগে আসা বল পেয়ে কাছ থেকে জালে পাঠান তিনি। ৪৫তম মিনিটে একইভাবে ছয় গজ বক্সের বাইরে বল পেয়ে নিচু শটে ব্যবধান বাড়ান ডেনিশ ফরোয়ার্ড।

লিগের গত রাউন্ডে উদিনেসের মাঠে হেরে যাওয়া নাপোলি তিন দিন পরই অন্য প্রতিযোগিতায় দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ইতালিয়ান সুপার কাপে সেমি-ফাইনালে এসি মিলান ও ফাইনালে বোলোনিয়াকে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে বড়দিনের ছুটিতে যায় তারা।

ছোট্ট বিরতি শেষে মাঠে ফিরে এবার লিগে দাপুটে জয় পেল নাপোলি। ১৬ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে শিরোপাধারীরা।

জয়ের পথে ফিরেছে এসি মিলানও। দিনের প্রথম ম্যাচে তারা ৩-০ গোলে হারিয়েছে হেল্লাস ভেরোনাকে। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে মিলান।

তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান ৩৩ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে।

এদিনই শেষ ম্যাচে আতালান্তাকে হারাতে পারলে আবার শীর্ষে ফিরবে ইন্টার মিলান।