১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনার কাছে এবারের লা লিগা জয় ‘একটু বেশিই স্পেশাল’

‘এখন সমর্থকদের সঙ্গে উদযাপন করার সময়’, রেয়াল মাদ্রিদকে হারানোর পর বলেন কাতালান ক্লাবটির মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং।

বার্সেলোনার কাছে এবারের লা লিগা জয় ‘একটু বেশিই স্পেশাল’
ট্রফি নিয়ে বার্সেলোনার ফুটবলারদের উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 11:21 AM

Updated : 26 Aug 2026, 03:35 PM

লা লিগার ট্রফি জয় নতুন কিছু বার্সেলোনার জন্য। গত মৌসুমেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। তবে এবার এমন এক অভিজ্ঞতা হয়েছে তাদের, যার ছোঁয়া আগে কখনো পায়নি কাতালান ক্লাবটি। তাই এবারের লিগ শিরোপা জয়কে একটু বেশিই স্পেশাল বলেছেন দলটির মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং।

শিরোপার সুবাস নিয়ে রোববার কাম্প নউয়ে রেয়াল মাদ্রিদের মুখোমুখি হয় বার্সেলোনা। হাইভোল্টেজ ম্যাচটিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের ২-০ গোলে হারিয়ে ট্রফি জয়ের আনন্দে মাতে স্বাগতিকরা।

লা লিগার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৯টি শিরোপা জিতল বার্সেলোনা। তবে, এবারের ট্রফি জয়টি একটু আলাদা। কারণ এবারই প্রথম ঘরের দর্শকদের সামনে রেয়ালকে হারিয়ে শিরোপা উল্লাস করল তারা। এর চেয়ে আনন্দ আর কি হতে পারে বার্সেলোনার জন্য!

ম্যাচ শেষে মুভিস্টারে ডাচ ফুটবলার ডি ইয়ংও বললেন একই কথা।

“এই শিরোপা জয় আরও বেশি স্পেশাল, কারণ নিজেদের আঙিনায় রেয়াল মাদ্রিদকে হারিয়ে আমরা এটি জিতেছি। এখন সমর্থকদের সঙ্গে উদযাপন করার সময়।”

“প্রতিটি শিরোপা জয়ই জাঁকজমকভাবে উদযাপন করা উচিত। বিশেষ করে লা লিগা, যেটা এক বছরের লম্বা একটা লড়াই। স্পষ্টভাবে স্পেনের সেরা দল আমরা।”

এদিন ম্যাচের নবম মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে নেন মার্কাস র‍্যাশফোর্ড। ডি-বক্সের সামান্য বাইরে থেকে চমৎকার বাঁকানো শটে জাল খুঁজে নেন তিনি। নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফেররান তরেস।

তিন রাউন্ড বাকি থাকতেই লিগ শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা। ৩৫ ম্যাচ শেষে ৩০ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৯১। ২৪ জয় ও পাঁচ ড্রয়ে রেয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৭।