শুরুর একাদশে ফিরছেন মেসি
জাম্বিয়ার বিপক্ষে দলে অনেক পরিবর্তনের বার্তা দিয়ে রাখলেন আর্জেন্টিনা কোচ।
বিশ্বকাপের আগে দল গুছিয়ে নেওয়া, অনিয়মিত ও সম্ভাবনাময় খেলোয়াড়দের সুযোগ দেওয়া এবং বিকল্প খেলোয়াড় তৈরি রাখার লক্ষ্য নেওয়াই স্বাভাবিক। সেই কাজটি করতে গিয়ে মৌরিতানিয়ার বিপক্ষে অধিনায়ক লিওনেল মেসিকেও শুরুর একাদশে রাখেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে জাম্বিয়ার বিপক্ষে এই মহাতারকাকে শুরু থেকেই খেলানোর কথা নিশ্চিত করলেন তিনি।
বাংলাদেশ সময় বুধবার ভোরে আফ্রিকার দলটির মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগের সংবাদ সম্মেলনে স্কালোনি বললেন, পরীক্ষা-নিরীক্ষার সুযোগ কাজে লাগাতে চান তিনি।
মৌরিতানিয়ার বিপক্ষে আগের ম্যাচে কোনোমতে ২-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। জাম্বিয়ার বিপক্ষে দলের খেলায় উন্নতি দেখতে চান তিনি।
“এটা ভালো ব্যাপার যে, তারা বুঝতে পেরেছে ম্যাচটা ভালো ছিল না। আশা করি, আমরা যেমন পারফরম্যান্স দেখতে চাই, দল আবার সেটাই দেখাবে।”
