২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাসিকোয় নিজের আচরণের জন্য ক্ষমা চাইলেন ভিনিসিউস

আবেগের বশবর্তী হয়ে মাঝেমধ্যেই মাঠে মেজাজ হারিয়ে ফেলেন রেয়াল মাদ্রিদ তারকা, সবশেষ ক্লাসিকোতেও তেমনটা দেখা গেছে।

ক্লাসিকোয় নিজের আচরণের জন্য ক্ষমা চাইলেন ভিনিসিউস
ভিনিসিউস জুনিয়র। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2025, 08:30 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

বার্সেলোনার বিপক্ষে জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় নিজের আচরণের জন্য অনুতপ্ত রেয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র। সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ক্লাসিকোয় দ্বিতীয়ার্ধে খেলোয়াড় বদলে নিজের নাম দেখে বিরক্তি প্রকাশ করে এবং মাঠ ছাড়ার সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে সমালোচনার মুখে পড়া ভিনিসিউস বুধবার সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন।   

“ক্লাসিকোতে বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় আমার প্রতিক্রিয়ার জন্য আজ সকল মাদ্রিদিস্তার কাছে ক্ষমা চাইছি আমি। আজকের অনুশীলনের সময় যেমন ব্যক্তিগতভাবে চেয়েছি, ঠিক তেমনি আবারও আমার সতীর্থদের, ক্লাবের ও সভাপতির কাছে ক্ষমা চাইছি।”

“কখনও কখনও বেশি আবেগপ্রবণ হয়ে পড়ি, কারণ আমি সবসময় জিততে এবং আমার দলকে সাহায্য করতে চাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, রেয়াল মাদ্রিদের ভালোর জন্য প্রতি মুহূর্তে লড়াই চালিয়ে যাব, যেমনটা প্রথম দিন থেকেই করে আসছি।”

সান্তিয়াগো বের্নাবেউয়ে গত রোববার রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ক্লাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারায় রেয়াল। কোনো গোল বা অ্যাসিস্ট করতে না পারলেও, যতক্ষণ মাঠে ছিলেন বেশ ভালো খেলেন ভিনিসিউস।

ম্যাচের ৭২তম মিনিটে তাকে তুলে আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোকে নামান রেয়াল কোচ শাবি আলোন্সো। প্রথমে ইশারায় ভিনিসিউস জিজ্ঞেস করেন, তাকেই তুলে নেওয়া হচ্ছে কি না। এরপর চিৎকার করে এবং হাসি দিয়ে অসন্তোষ প্রকাশ করে মাঠ ছাড়েন তিনি এবং সোজা টানেল দিয়ে ভেতরে ঢুকে যান। পরে অবশ্য বেঞ্চে ফেরেন তিনি।

এই মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত পাঁচটি গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন ২৫ বছর বয়সী ভিনিসিউস।