২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

লিগ কাপ জিতে ব্রাজিলিয়ান মিডফিল্ডার বললেন, ‘সমর্থকদের কাছে এটা বিশ্বকাপের মতো’

নিউক্যাসল ইউনাইটেডের অধিনায়ক হিসেবে প্রথম বছরেই নতুন ইতিহাস লিখে ভাষা হারিয়ে ফেলেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেস।

লিগ কাপ জিতে ব্রাজিলিয়ান মিডফিল্ডার বললেন, ‘সমর্থকদের কাছে এটা বিশ্বকাপের মতো’
ট্রফি হাতে নিউক্যাসল ইউনাইটেড অধিনায়ক ব্রুনো গিমারেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2025, 08:49 AM

Updated : 26 Aug 2026, 12:02 PM

অপেক্ষার দীর্ঘ সাতটি দশক পার করে, অবশেষে এখন শিরোপা জয়ের হাসিতে উজ্জ্বল নিউক্যাসল ইউনাইটেডের প্রতিটি মুখ। শিরোপা লড়াইয়ে তারা জায়ান্ট লিভারপুলকে হারাতে পারবে, খুব কম মানুষই হয়তো ভেবেছিল। সেই অভাবনীয় কাজটাই করে, লিগ কাপের ট্রফি উঁচিয়ে ধরে নিউক্যাসল অধিনায়ক ব্রুনো গিমারেস গর্বিত কণ্ঠে বললেন, ‘আবারও আমরা চ্যাম্পিয়ন।’

ইংলিশ ফুটবলে সেই ১৯৫৫ সালে রোববারের আগে সবশেষ শিরোপা জিতেছিল নিউক্যাসল, ঘরে তুলেছিল এফএ কাপ। আর ১৯৬৯ সালে ফেয়ার্স কাপ (বর্তমানের ইউরোপা লিগ) জিতে ক্লাবের ইতিহাসে সবশেষ বড় শিরোপা জয়ের উৎসব করেছিল তারা।

তারপর যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম কেটে গেছে, কিন্তু আরেকটি শিরোপার ক্ষুধা আর মেটেনি তাদের। সেই খরা কী দুর্দান্তভাবেই না কাটল তাদের; মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দে ছুটে চলা লিভারপুলকে ওয়েম্বলির ফাইনালে ২-১ গোলে হারিয়ে।

প্রথমার্ধের যোগ করা সময়ে ড্যান বার্নের হেডে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে সপ্তম মিনিটে ব্যবধান বাড়ান আলেকসান্দার ইসাক। শেষ দিকে ফেদেরিকো চিয়েসা একটি গোল শোধ করলেও, নিউক্যাসলের উৎসবে তারা বিঘ্ন ঘটাতে পারেনি।

ফরাসি ক্লাব লিওঁ থেকে ২০২২ সালের জানুয়ারিতে নিউক্যাসলে যোগ দেওয়া গিমারেস নতুন ঠিকানায় মানিয়ে নিতে একেবারেই সময় নেননি। চলতি মৌসুমের শুরুতে পেয়ে যান নেতৃত্বও। অধিনায়ক হিসেবে প্রথম মৌসুমেই এত বড় সাফল্য পেয়ে যেন ভাষা হারিয়ে ফেলেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

“এই সবকিছুই সমর্থকদের জন্য। তাদের সবকিছু প্রাপ্য। এখানে প্রথম এসেই আমি বলেছিলাম, (ক্লাবের) ইতিহাসে নিজের নাম লেখাতে চাই।”

“এখন আমরা বলতে পারি, আমরা আবারও চ্যাম্পিয়ন…”

এত এত অপেক্ষার পর ক্লাবের ভক্ত-সমর্থকদের কাছে এই শিরোপার স্বাদ যে কত মধুর, তা অনুভব করতে পারছেন গিমারেস।

“ভাষা হারিয়ে ফেলেছি। আমার জীবনের সেরা দিন। আর তাদের (সমর্থকদের) কাছে এটা তো বিশ্বকাপের মতো। মানুষ (যারা ছোট ছিল) বড় হয়ে গেছে, কিন্তু আমাদের চ্যাম্পিয়ন রূপে দেখেনি। এই ক্লাবে অধিনায়ক হিসেবে আমার প্রথম বছর এবং এটা আমার সেরা দিনগুলোর একটি। অবিশ্বাস্য।”

“আমরা ইতিহাস গড়ছি। (ভবিষ্যতে) যখন আমি এখান থেকে চলে যাব, আমি চাই সমর্থকরা আমার নাম ধরে গান গাইবে যেমনটা তারা করে (সাবেক নিউক্যাসল অধিনায়ক অ্যালান) শিয়েরারের জন্য। তিনি ম্যাচের আগে আমাকে বার্তা পাঠিয়েছিলেন। আজ আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছি।”