১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুলসুমকে ঘিরেই এখন যত আশা

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে একক ইভেন্টে একমাত্র কুলসুম আক্তার মনি বাংলাদেশের পদক পাওয়ার আশা টিকিয়ে রেখেছে।

কুলসুমকে ঘিরেই এখন যত আশা
একক ইভেন্টে বাংলাদেশের পদক পাওয়ার আশা বাঁচিয়ে রেখেছেন কেবল কুলসুম আক্তার মনি। ছবি: বাংলাদেশ আর্চারি ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2025, 06:34 PM

Updated : 26 Aug 2026, 05:42 PM

২০২১ সালে পাওয়া একটি রুপা ও দুটি ব্রোঞ্জের সাফল্যের পুনরাবৃত্তির আশা ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে বাংলাদেশের। কেবল কম্পাউন্ড নারী এককে টিকে আছেন কুলসুম আক্তার মনি। ঠাকুরগাঁও থেকে উঠে আসা এই আর্চার জায়গা করে নিয়েছেন সেমি-ফাইনালে। তাকে ঘিরেই এখন একক ইভেন্টে পদক পাওয়ার আশা আছে বাংলাদেশের।

জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার কম্পাউন্ড নারী এককে ‘বাই’ পেয়ে শেষ বত্রিশে ওঠা কুলসুম ইরানের ফাতিমা বাঘেরিকে ১৪৫-১৪৩ স্কোরে হারানোর পর, ভারতের দ্বীপশিখার বিপক্ষে জিতেছেন ১৪২-১৪০ ব্যবধানে। এরপর কোয়ার্টার-ফাইনালে কাজাখস্তানের ইউনুসোভা রোক্সানাকে ১৪৬-১৪৪ পয়েন্টে হারিয়ে সেমি-ফাইনালে ওঠেন তিনি। 

আগামী বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের প্রদীপ প্রিথিকার মুখোমুখি হবেন কুলসুম।

এককে একমাত্র বাংলাদেশি হিসেবে টিকে থাকার উত্তাপ অনুভব করছেন কুলসুম। বিকেএসপিতে দশম শ্রেণিতে পড়া এই আর্চার বললেন, পারফরম্যান্স দিয়েই প্রতিষ্ঠা পেতে চান তিনি।

“কেবল আমি টিকে আছি বলে কোনো চাপ অনুভব করছি না। চাপ কেন নিব? এতদিন আমরা পরিশ্রম করেছি একটা কিছু পাওয়ার জন্যই। তাই সেমি-ফাইনালেও আমি নিজের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করব। এই পতাকার (জার্সিতে বাংলাদেশের পতাকার লোগো দেখিয়ে) জন্যই খেলি, নিজের দেশের হয়ে খেলা আলাদা শান্তি।”

“আমি সামাজিক যোগাযোগের মাধ্যম ভাইরাল হতে চাই না। হাইলাইট হতে চাই না। আমাকে হাইলাইট হতে হবে নিজের যোগ্যতা দিয়ে, সাফল্য দিয়ে।” 

রিকার্ভ পুরুষ এককে হতাশ করেছেন সবাই। চাইনিজ তাইপের প্রতিযোগীকে ৬-৪ সেট পয়েন্টে হারানোর পর, শেষ বত্রিশের লড়াইয়ে ভারতের সঞ্জয় ইয়াশদিপ ভোগের বিপক্ষে ৬-৪ সেট পয়েন্টে জিতেন রাকিব মিয়া। কিন্তু দক্ষিণ কোরিয়ার জ্যাং শেওয়ানের কাছে ৬-৪ সেট পয়েন্টে হেরে সেরা ষোলোর মঞ্চ থেকে বিদায় নেন তিনি।

এই ইভেন্টে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে আব্দুর রহমান আলিফ কাজাখস্তানেরআব্দুলিন ইলফাতের কাছে ৭-৩ সেট পয়েন্টে, রাম কৃষ্ণ সাহা ভারতের রাহুলের কাছে ৬-৪ সেট পয়েন্টে হেরে যান। আগের দিন সাগর ইসলামও হেরে যাওয়ায়, রিকার্ভ পুরুষ এককে বাংলাদেশের চার আর্চারের যাত্রাই শেষ হয়ে গেল।

রিকার্ভ নারী এককেও একই দশা। সেরা বত্রিশ থেকে সোনালি রায়, সীমা আক্তার শিমু, ইতি খাতুন ও মনিরা খাতুনের বিদায় ঘণ্টা বেজেছে।  

কম্পাউন্ড পুরুষ একক থেকে আগেই বিদায় নিয়েছিলেন নাওয়াজ আহমেদ রাকিব, সোহেল রানা ও মোহাম্মাদ আশিকুজ্জামান। বাকি ছিলেন হিমু বাছাড়। শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে ভুটানের গাইতসে তেশিতুমের কাছে ১৪৩-১৪১ স্কোরে হেরে ছিটকে গেছেন তিনি। 

কম্পাউন্ড নারী একক থেকে পুষ্পিতা জামান, বন্যা আক্তারও বিদায় নিয়েছেন।

দলগত বিভাগেও হতাশা সঙ্গী হয়েছে বাংলাদেশের। রিকার্ভ মহিলা দলগত বিভাগে ইরানকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে বাংলাদেশ। কিন্তু সেমি-ফাইনালে ওঠার লড়াই ইতি-সোনালি-শিমুকে নিয়ে গড়া দল দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যায় ৬-০ সেট পয়েন্টে। 

বিকালের সেশনে এই ইভেন্টে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে মালয়েশিয়া।

কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগেও এলিমিনেশন রাউন্ডের শুরুতে ছিটকে গেছে বাংলাদেশ। আশিকুজ্জামান-হিমু বাছাড়-নেওয়াজ আহমেদ রাকিবকে নিয়ে গড়া দল ২৩৪-২৩০ স্কোরে হেরেছে চাইনিজ তাইপের কাছে। 

এই ইভেন্টে থাইল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে দক্ষিণ কোরিয়া। ২৩৫-২৩৫ সমতায় শেষের পর টাইব্রেকারে তিন তীর ছোঁড়ার লড়াইয়ে ৩০-২৯ স্কোরে জেতে তারা।