বের্নাবেউয়ে এমবাপে-বরণ ১৬ জুলাই
সান্তিয়াগো বের্নাবেউয়ে ৮১ হাজার রেয়াল সমর্থক উপস্থিত থেকে ফরাসি ফরোয়ার্ডকে বরণ করে নেবেন বলে আশা করা হচ্ছে।
চুক্তি ও অন্যান্য আনুষ্ঠানিকতা সারা হয়েছে আগেই, এবার কিলিয়ান এমবাপেকে বরণ করে নেওয়ার পালা। রেয়াল মাদ্রিদ বুধবার জানিয়েছে, আগামী ১৬ জুলাই সমর্থকদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে ফরাসি তারকাকে।
রেয়ালে এমবাপে ৯ নম্বর জার্সি পরে খেলবেন বলেও জানিয়েছে স্পেনের সফলতম ক্লাবটি। অনেক জল ঘোলার পর এই গ্রীষ্মেই পিএসজি ছেড়ে রেয়ালে তিনি যোগ দেন পাঁচ বছরের চুক্তিতে।
কয়েক বছর ধরে এমবাপেকে দলে টানার চেষ্টা করে আসছিল রেয়াল। দলটির সমর্থকরাও সময়ের সেরা ফরোয়ার্ডদের একজনকে নিজেদের জার্সিতে দেখতে উন্মুখ হয়ে ছিলেন। তাদের অপেক্ষাও ফুরোচ্ছে অবশেষে।
এমবাপের পরিচিতি পর্বে সান্তিয়াগো বের্নাবেউয়ে ৮১ হাজার রেয়াল সমর্থক উপস্থিত হতে পারেন। ২০০৯ সালে ক্রিস্তিয়ানো রোনালদোকে বরণ করে নেওয়ার পর এটিই দ্বিতীয় সর্বোচ্চ আয়োজনও হবে।
সাম্প্রতিক সময়টা অবশ্য ভালো কাটেনি এমবাপের। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল থেকে ছিটকে গেছে ফ্রান্স; অধিনায়ক ও আক্রমণভাগের সেরা তারকা হিসেবে তিনি পারেননি ফরাসিদের পথ দেখাতে।
গ্রুপ পর্বে অস্ট্রিয়া ম্যাচে নাক ভেঙে যাওয়ার পর এক ম্যাচ বিরতি দিয়ে এমবাপে ফেরেন পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে। ওই ম্যাচেই পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেছিলেন তিনি। সব মিলিয়ে এবারের ইউরোয় খেলা পাঁচ ম্যাচে তার একমাত্র প্রাপ্তি ওই একটি গোলই!
ইউরো মিশনে সফল না হওয়ার হতাশা আড়াল করেননি এমবাপে। বলেছেন, শিরোপা জয়ের চাওয়া পূরণ না হওয়াটা তার কাছে ব্যর্থতাই। পাশাপাশি দিয়েছেন, ব্যর্থতা ভুলে এগিয়ে যাওয়ার আশাবাদ।
এমবাপের নতুন করে এগিয়ে যাওয়ার শুরুটা এবার রেয়ালের হয়ে। অবশ্য স্পেনের ক্লাবটি এখনও নিশ্চিত করেনি, যুক্তরাষ্ট্রে তাদের প্রাক-মৌসুম সফরে বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ড দলের সঙ্গী হবেন কিনা। এই সফরে আগামী ৩১ জুলাই এসি মিলান, ৩ অগাস্ট বার্সেলোনা ও ৬ অগাস্ট চেলসির বিপক্ষে খেলবে রেয়াল।
আগামী ১৪ অগাস্ট ওয়ারশ’য়ে উয়েফা সুপার কাপে আতালান্তার বিপক্ষে খেলবে রেয়াল। চার দিন পর মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে লা লিগার মুকুট ধরে রাখার মিশন।
ফ্রান্সের লিগ আঁর পর্ব শেষ করে এমবাপের লা লিগা মিশনও হয়তো শুরু হবে তখন। পিএসজির হয়ে সাত মৌসুমে ২৫৬ গোল, ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া, লিগ আঁর ছয়টি শিরোপা জয়, লিগ আঁর পাঁচ মৌসুমে সেরা খেলোয়াড় হওয়ার কীর্তি, এসবের সঙ্গে অর্জনের ভাণ্ডারে এবার রেয়ালের জার্সিতে নতুন প্রাপ্তি যোগ করার পালা তার।
২০১৭ সালেই মোনাকো থেকে রেয়ালে যোগ দেওয়ার সম্ভাবনা ছিল এমবাপের, কিন্তু তিনি যোগ দেন পিএসজিতে। ২০২২ সালে পিএসজি থেকে তার রেয়ালে যোগ দেওয়া প্রায় ‘নিশ্চিত’ ছিল, কিন্তু সেবারও মত বদলে তিনি থেকে যান প্যারিসে। এসব রকমারি গুঞ্জন গত কয়েক বছর ছিল গণমাধ্যমের শিরোনাম।
অবশেষে রেয়ালের দীর্ঘ অপেক্ষার অবসান হয় গত ৩ জুন; এমবাপের সঙ্গে সেদিন চুক্তির আনুষ্ঠানিকতা সারে ক্লাবটি। এবারের পরিচিতি পর্ব দিয়ে এই তারকা ফরোয়ার্ডকে নিয়ে শুরু হবে নতুন অপেক্ষা- রেয়ালের জার্সিতে কত উঁচুতে উঠবেন, তা দেখার।
