ম্যানচেস্টার সিটি এখন আর ‘অসাধারণ নয়’
রেয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর, এখন শীর্ষ চারে থেকে প্রিমিয়ার লিগ শেষ করার দিকে মনোযোগ ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলার।
হতাশাজনক মৌসুমে রেয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর বাস্তবতা মেনে নিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। বললেন, আগের মতো অসাধারণ দল নয় তারা। এখন শীর্ষ চারে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে আগামী মৌসুমে ইউরোপ সেরার প্রতিযোগিতায় জায়গা করে নেওয়াই লক্ষ্য এই স্প্যানিশ কোচের।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শেষ ষোলোর প্লে-অফের ফিরতি লেগে বুধবার ৩-১ গোলে হারে ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে ঘরের মাঠে ৮৫ মিনিট পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে থেকেও নাটকীয়ভাবে ৩-২ ব্যবধানে হেরেছিল ইংলিশ চ্যাম্পিয়নরা।
বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ গুয়ার্দিওলার কোচিংয়ে এই প্রথম কোনো দল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠতে ব্যর্থ হলো।
২০১৬ সালে গুয়ার্দিওলা দায়িত্ব নেওয়ার পর থেকে অসাধারণ সব সাফল্য পেয়েছে সিটি। টানা চারবারসহ গত সাত মৌসুমের মধ্যে ছয়বার প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে তারা। ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে তারা ২০২৩ সালে। ঘরোয়া অন্যান্য শিরোপা তো আছেই।
কিন্তু এই মৌসুমে খুব কঠিন সময় পার করছে তারা। প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার আশা কার্যত শেষ হয়ে গেছে আগেই। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৭ পয়েন্টে পিছিয়ে থেকে চার নম্বরে আছে তারা। লিগ কাপে তাদের পথচলা থেমেছে চতুর্থ রাউন্ডে। এবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়।
বের্নাবেউয়ে হারের পর গুয়ার্দিওলা বললেন, এখন দল পুনর্গঠনের দিকে মনোযোগ দিতে হবে তাদের।
“কোনো কিছুই চিরস্থায়ী নয়। অতীতে আমরা অসাধারণ ছিলাম, কিন্তু এখন আর নই। আজ থেকে উন্নতি করার জন্য আমাদের ধাপে ধাপে চেষ্টা করতে হবে।”
“আমাদের ১৩টি ম্যাচ বাকি আছে (প্রিমিয়ার লিগে) এবং (চ্যাম্পিয়ন্স লিগে) আবার খেলার সুযোগ পেতে লিগে শীর্ষ চার বা পাঁচে থাকতে হবে।”
প্রথম লেগে জয়ের দুয়ারে গিয়ে হারটাই বেশি পোড়াচ্ছে গুয়ার্দিওলাকে। তবে প্রতিপক্ষকে কৃতিত্ব দিতেও ভোলেননি তিনি।
“ঘরের মাঠে পরাজয় মেনে নেওয়া কঠিন ছিল এবং এই পরাজয় আরও কঠিন। কিন্তু রেয়াল মাদ্রিদ খুবই ভালো দল, আমরা তা জানি। সবকিছু যেমন দাঁড়ায়, সময়ের সঙ্গে তেমনভাবেই মেনে নেব আমরা।”
“আমরা এমবাপেকে থামাতে পারিনি এবং সেরা দল জিতেছে। জয়টি মাদ্রিদের প্রাপ্য ছিল। আমরা আগের মৌসুমে বেশ ভালো করেছি, কিন্তু এই মৌসুমে আমরা ভালো করতে পারছি না। আমাদের শিখতে হবে।”
ফিরতি লেগে রেয়াল মাদ্রিদের তিন গোলের সবগুলো করেন এমবাপে। দলটির জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি তারকার প্রথম হ্যাটট্রিক এটি।
আক্রমণভাগে নিজেদের সবচেয়ে বড় তারকা আর্লিং হলান্ডকে এই ম্যাচে সিটি পায়নি হাঁটুর চোটের কারণে। গুয়ার্দিওলা বললেন, খেলার মতো অবস্থায় ছিলেন না নরওয়ের স্ট্রাইকার।
“আর্লিং গতকাল অনুশীলন করার চেষ্টা করেছিল, কিন্তু নিউক্যাসল ম্যাচে প্রতিপক্ষের ট্যাকলের কারণে সে বেশ ব্যথা পেয়েছিল। হাঁটতে, সিঁড়ি বেয়ে ওপরে উঠতে ব্যথা হচ্ছিল তার।”
“আজ সকালে সে আমাকে বলে যে, সে প্রস্তুত নয়, ভালো বোধ করছে না। পরিকল্পনা ছিল (তাকে ছাড়াই) চেষ্টা করা, ম্যানচেস্টারের (প্রথম লেগের) চেয়ে ভালো ফলাফল অর্জনের চেষ্টা করা। কিন্তু তার এমন অবস্থায় তাকে খেলানোর সুযোগ ছিল না।”
